জাতীয় সংসদে ইসলামী ব্যাংকের বর্তমান পরিস্থিতি ও মালিকানা কাঠামো নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন বিরোধীদলীয় উপনেতা সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের। মঙ্গলবার কার্যপ্রণালি বিধির ৬৮ নম্বর বিধি অনুযায়ী উত্থাপিত এক নোটিশের আলোচনায় অংশ নিয়ে তিনি অভিযোগ করেন, ব্যাংকটিতে আবারও এস আলম গ্রুপ-সংশ্লিষ্ট ব্যক্তিদের প্রভাব প্রতিষ্ঠার অপতৎপরতা শুরু হয়েছে।
সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের বলেন, ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানের পরবর্তী সময়ে ইসলামী ব্যাংক যখন স্বাভাবিক অবস্থায় ফিরছিল এবং গ্রাহকদের আস্থা অর্জনের মাধ্যমে প্রায় ২৬ হাজার কোটি টাকা নতুন আমানত সংগৃহীত হয়েছিল, ঠিক সেই মুহূর্তে ব্যাংকের অভ্যন্তরে বিতর্কিত ব্যক্তিদের পদায়ন করা হচ্ছে। তিনি উল্লেখ করেন, সাবেক চেয়ারম্যান এম জুবায়দুর রহমান এবং সাবেক ব্যবস্থাপনা পরিচালক ওমর ফারুকের নেতৃত্বে ব্যাংকটি যখন স্থিতিশীলতার দিকে যাচ্ছিল, তখন হঠাৎ করে চেয়ারম্যান পরিবর্তন এবং এমডিকে পদত্যাগে বাধ্য করার বিষয়টি রহস্যজনক। তিনি এই পরিবর্তনের কারণ স্পষ্ট করতে সরকারের প্রতি আহ্বান জানান।
মালিকানা কাঠামোর সমালোচনা করে বিরোধীদলীয় উপনেতা দাবি করেন, বর্তমানে এস আলম গ্রুপ অনিয়মতান্ত্রিকভাবে ব্যাংকের প্রায় ৮২ শতাংশ শেয়ারের নিয়ন্ত্রণ করছে, যা সাধারণ শেয়ারহোল্ডারদের স্বার্থবিরোধী। তিনি প্রকৃত শেয়ারধারীদের অধিকার ফিরিয়ে দেওয়ার দাবি জানান। এ ছাড়া নতুন নিযুক্ত চেয়ারম্যানের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলে তিনি বলেন, এমন নিয়োগ গ্রাহকদের মধ্যে চরম উদ্বেগ ও অনাস্থা তৈরি করছে। আমানতকারীদের অর্থের নিরাপত্তা নিশ্চিত করতে সৎ ও যোগ্য ব্যক্তিদের মাধ্যমে ব্যাংক পরিচালনার দাবি জানিয়ে তিনি সতর্ক করেন যে, পরিস্থিতির উন্নতি না হলে গ্রাহকরা আন্দোলনে নামতে পারেন।
ইসলামী ব্যাংকে এস আলম গ্রুপের প্রভাব এবং মালিকানা কাঠামো নিয়ে জাতীয় সংসদে উদ্বেগ প্রকাশ করেছেন বিরোধীদলীয় উপনেতা সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের। তিনি ব্যাংকটির স্বচ্ছতা নিশ্চিতের দাবি জানান।

0 Comments