চট্টগ্রামের লোহাগাড়ায় রেললাইনে হাঁটার সময় ট্রেনের ধাক্কায় মো. টিপু (১৮) নামে এক তরুণ নিহত হয়েছেন। গতকাল মঙ্গলবার সন্ধ্যায় উপজেলার আমিরাবাদ ইউনিয়নের নতুন বাজার এলাকায় চট্টগ্রাম-কক্সবাজার রেললাইনে এই দুর্ঘটনা ঘটে। নিহত টিপু কক্সবাজারের চকরিয়া উপজেলার হারবাং গ্রামের মো. শাহজাহানের ছেলে।
আমিরাবাদ ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য হোছাইন মো. সরপু ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে তিনি জানান, টিপু বিকেলে পার্শ্ববর্তী সাতকানিয়া উপজেলার সদর ইউনিয়নের বারদোনা শরীফ পাড়া এলাকায় তাঁর নানার বাড়িতে বেড়াতে এসেছিলেন। সন্ধ্যায় কানে হেডফোন লাগিয়ে রেললাইনের ওপর দিয়ে হাঁটার সময় কক্সবাজারমুখী প্রবাল এক্সপ্রেস ট্রেন তাঁকে ধাক্কা দেয়।
ইউপি সদস্য হোছাইন মো. সরপু আরও উল্লেখ করেন, কানে হেডফোন থাকায় টিপু ট্রেনের হুইসেল শুনতে পাননি বলে ধারণা করা হচ্ছে। দুর্ঘটনার পর স্থানীয়রা তাঁকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে লোহাগাড়া ট্রমা সেন্টারে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
লোহাগাড়া রেলওয়ে স্টেশনের মাস্টার দিদার হোসেন জানান, বিষয়টি রেলওয়ে পুলিশকে অবহিত করা হয়েছে। পরবর্তীতে পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ দাফনের জন্য স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।
লোহাগাড়ায় কানে হেডফোন দিয়ে রেললাইনে হাঁটার সময় ট্রেনের ধাক্কায় প্রাণ হারিয়েছেন চকরিয়ার তরুণ মো. টিপু। মঙ্গলবার সন্ধ্যায় আমিরাবাদ এলাকায় এই দুর্ঘটনা ঘটে। অসাবধানতার কারণে অকাল মৃত্যুতে এলাকায় শোকের ছায়া।

0 Comments