কোরবানির ঈদের তিন দিন পার হলেও চট্টগ্রামের হাটহাজারী সড়কের আতুড়ার ডিপো থেকে আমীন জুট মিল পর্যন্ত এলাকায় খোলা আকাশের নিচে পশুর চামড়া সংরক্ষণ ও শুকানোর কাজ চলছে। আড়তদারেরা সড়কের ফুটপাত দখল করে শামিয়ানা টাঙিয়ে সেখানে লবণযুক্ত চামড়া স্তূপ করে রেখেছেন। খোলা অবস্থায় চামড়া রাখার ফলে তীব্র দুর্গন্ধে ওই এলাকায় চলাচলকারী পথচারী ও যানবাহনের যাত্রীরা চরম দুর্ভোগের শিকার হচ্ছেন।
সরেজমিনে দেখা গেছে, শ্রমিকেরা সড়কের ওপরই চামড়া শুকানোর কাজ করছেন এবং শুকানোর পর সেগুলো ভাঁজ করে গুদামে নিয়ে যাচ্ছেন। দুর্গন্ধে অতিষ্ঠ হয়ে অনেক পথচারীকে নাকে-মুখে কাপড় বা হাত চেপে চলাচল করতে দেখা গেছে। সড়কের দুই পাশে কিছু জায়গায় পলিথিন দিয়ে চামড়া ঢেকে রাখা হলেও অধিকাংশ স্থানেই তা উন্মুক্ত অবস্থায় রয়েছে।
চিকিৎসকদের মতে, পশুর চামড়া সঠিকভাবে সংরক্ষণ করা না হলে সেখান থেকে ক্ষতিকর জীবাণু সৃষ্টি হতে পারে। এসব জীবাণু বাতাসের মাধ্যমে ছড়িয়ে মানুষের শরীরে সংক্রমণের সৃষ্টি করতে পারে। সড়কে এভাবে চামড়া সংরক্ষণ করার কোনো নিয়ম না থাকলেও আড়তদারেরা তা মানছেন না বলে অভিযোগ উঠেছে।
চট্টগ্রামের হাটহাজারী সড়কে ফুটপাত দখল করে খোলা আকাশের নিচে পশুর চামড়া সংরক্ষণ করায় জনদুর্ভোগ চরমে পৌঁছেছে। দুর্গন্ধে অতিষ্ঠ পথচারীরা নাকে হাত দিয়ে চলাচল করছেন। স্বাস্থ্যঝুঁকির আশঙ্কা করছেন চিকিৎসকেরা।

0 Comments