সিলেট সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মোহাম্মদ রেজাই রাফিন সরকারের হেলমেটবিহীন মোটরসাইকেল চালানোর একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। সরকারের এই যুগ্ম সচিব গত বুধবার সকালে সিলেট এয়ারপোর্ট রোডে হেলমেট ছাড়াই মোটরসাইকেল চালানোর ৫৮ সেকেন্ডের একটি ভিডিও নিজের ফেসবুক আইডিতে আপলোড করেন। ভিডিওতে দেখা যায়, মোটরসাইকেলের পেছনের সিটে বসা তাঁর স্ত্রীর মাথায়ও কোনো হেলমেট ছিল না। ভিডিওটি ফেসবুকে আসার পর থেকেই নেটিজেনদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া শুরু হয়। অনেকেই দায়িত্বশীল একজন কর্মকর্তার এমন আচরণকে আইনবিরুদ্ধ ও অগ্রহণযোগ্য বলে মন্তব্য করেছেন। সমালোচনার মুখে রেজাই রাফিন সরকার ফেসবুক থেকে ভিডিওটি সরিয়ে ফেলেন। তিনি জানান, রাস্তা ফাঁকা থাকায় ওই সময় হেলমেট পরা হয়নি, তবে ভবিষ্যতে তিনি অবশ্যই হেলমেট ব্যবহার করবেন। এদিকে নাগরিক সমাজের প্রতিনিধিরা বলছেন, আইনের চোখে সবাই সমান হওয়া উচিত এবং এই ঘটনার জন্য তাঁর বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া প্রয়োজন।
সিলেটে হেলমেট ছাড়া মোটরসাইকেল চালিয়ে সমালোচনার মুখে পড়েছেন সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা রেজাই রাফিন সরকার। নিজের আপলোড করা ভিডিওটি নিয়ে বিতর্ক শুরু হলে পরে তা সরিয়ে নেন তিনি।

0 Comments