রাজধানীর মিরপুরের জাতীয় চিড়িয়াখানায় ঠাঁই পাওয়া আলোচিত অ্যালবিনো জাতের মহিষ ‘ডোনাল্ড ট্রাম্প’ এখন দর্শনার্থীদের আকর্ষণের কেন্দ্রে। গত বুধবার রাতে চিড়িয়াখানায় আনার পর থেকেই প্রাণীটির বিশেষ দেখভাল করছে কর্তৃপক্ষ। চিড়িয়াখানার কিউরেটর আতিকুর রহমান জানান, মহিষটি প্রতিদিন ২৫ কেজি নেপিয়ার জাতের ঘাস, ৫ কেজি ছোলা-ভুসি এবং প্রায় আধা মণ পানি পান করছে। নির্দিষ্ট সময়সূচি অনুযায়ী সকাল ৯টা থেকে বিকেল ৩টা পর্যন্ত কয়েক দফায় তাকে এই খাবার দেওয়া হয়।
তপ্ত গরমে প্রাণীটিকে স্বস্তিতে রাখতে দিনে দুই থেকে তিনবার গোসল করানো হচ্ছে। এছাড়া মহিষটির জন্য খাঁচায় স্ট্যান্ড ফ্যানের ব্যবস্থা করার কথা জানিয়েছে কর্তৃপক্ষ। বর্তমানে চিড়িয়াখানার ‘এল-০৭’ নম্বর খাঁচায় রাখা হয়েছে এই সাদা মহিষটিকে। গৃহপালিত হওয়ায় নিরাপত্তা ও অভ্যস্ততার কারণে সেটিকে বেঁধে রাখা হয়েছে।
নারায়ণগঞ্জের একটি খামারে লালন-পালন হওয়া এই মহিষটি তার বিশেষ চুলের স্টাইলের কারণে ‘ডোনাল্ড ট্রাম্প’ নামে পরিচিতি পায়। কোরবানির জন্য বিক্রি হওয়ার পর গত বুধবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের হস্তক্ষেপে এটিকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার করে চিড়িয়াখানায় আনা হয়। ঈদুল আজহার ছুটিতে দূর-দূরান্ত থেকে আসা দর্শনার্থীরা এক নজর দেখার জন্য মহিষটির খাঁচার সামনে ভিড় জমাচ্ছেন। তবে নিরাপত্তার খাতিরে দর্শকদের থেকে কিছুটা দূরত্বে রাখা হয়েছে আলোচিত এই প্রাণীটিকে।
মিরপুর জাতীয় চিড়িয়াখানায় এখন প্রধান আকর্ষণ আলোচিত মহিষ ডোনাল্ড ট্রাম্প। প্রতিদিন ২৫ কেজি ঘাস ও ৫ কেজি ছোলা খাওয়া এই প্রাণীটিকে দেখতে ভিড় করছেন দর্শনার্থীরা।

0 Comments