ট্যুরিস্ট পুলিশ কক্সবাজার রিজিয়নের নতুন পুলিশ সুপার (এসপি) হিসেবে মোঃ মারুফাত হোসাইনকে পদায়ন করা হয়েছে। ২৯ মে ট্যুরিস্ট পুলিশ হেডকোয়ার্টার্স থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এই তথ্য জানানো হয়। তিনি এর আগে রংপুর রেঞ্জে পুলিশ সুপার হিসেবে দায়িত্ব পালন করছিলেন।
অতিরিক্ত আইজিপি (চলতি দায়িত্বে) মোঃ মাইনুল হাসান স্বাক্ষরিত ওই প্রজ্ঞাপনে বলা হয়, জনস্বার্থে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত তাকে কক্সবাজার রিজিয়নের দায়িত্ব দেওয়া হয়েছে এবং এই আদেশ অবিলম্বে কার্যকর হবে। ট্যুরিস্ট পুলিশ সূত্রে জানা গেছে, কক্সবাজার অঞ্চলে পর্যটন নিরাপত্তা ব্যবস্থাপনা আরও শক্তিশালী করতে এই পদায়নকে গুরুত্বপূর্ণ হিসেবে দেখা হচ্ছে।
এদিকে, অপর এক প্রজ্ঞাপনে বর্তমান এসপি নিহাদ আদনান তাইয়ানকে ট্যুরিস্ট পুলিশের হেডকোয়ার্টারে বদলি করা হয়েছে। উল্লেখ্য, নিহাদ আদনান তাইয়ান এক সপ্তাহেরও কম সময় আগে কক্সবাজার অঞ্চলের পুলিশ সুপার হিসেবে যোগদান করেছিলেন। সম্প্রতি অতিরিক্ত পুলিশ সুপার হিসেবে উখিয়া সার্কেলে দায়িত্ব পালনকালে বঙ্গবন্ধু, মুক্তিযুদ্ধ ও আওয়ামী লীগ নিয়ে দেওয়া তার একটি বক্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচিত হয়। সেই ঘটনার ২৪ ঘণ্টার মধ্যেই কক্সবাজার অঞ্চলের এসপি পদে এই পরিবর্তন আনা হলো।
ট্যুরিস্ট পুলিশ কক্সবাজার রিজিয়নের নতুন এসপি হিসেবে মোঃ মারুফাত হোসাইনকে দায়িত্ব দেওয়া হয়েছে। বিতর্কিত মন্তব্যের জেরে যোগদানের এক সপ্তাহের মাথায় বদলি করা হয়েছে বর্তমান এসপি নিহাদ আদনান তাইয়ানকে।

0 Comments