দেশের পর্যটন শিল্পের উন্নয়ন, সম্ভাবনা ও চ্যালেঞ্জ মোকাবিলায় করণীয় নির্ধারণে কক্সবাজারে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকাল ১১টায় কক্সবাজার সাংস্কৃতিক কেন্দ্র মিলনায়তনে দ্য কক্সবাজার ক্লাব লিমিটেডের উদ্যোগে আয়োজিত এ সভায় প্রধান অতিথি ছিলেন কক্সবাজারের সংসদ সদস্য লুৎফর রহমান কাজল। অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন সাবেক অতিরিক্ত সচিব ও ভেজালবিরোধী আন্দোলনের পরিচিত ব্যক্তিত্ব রোকন উদ দৌলা।
দ্য কক্সবাজার ক্লাব লিমিটেডের প্রতিষ্ঠাতা ও সভাপতি আবু ছৈয়দের সভাপতিত্বে এবং অ্যাডভোকেট মোহাম্মদ তারেক ও নাজেম উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য দেন কক্সবাজার প্রেসক্লাবের সভাপতি মাহবুবুর রহমান, জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি অ্যাডভোকেট ছৈয়দ আলম, চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালের ট্রেজারার অধ্যাপক ড. সানা উল্লাহ, বাংলাদেশ আনসারের উপপরিচালক কমান্ডার আজিম উদ্দিন, সাংবাদিক কামাল উদ্দিন, গণমাধ্যম ব্যক্তিত্ব মুহাম্মদ আতা উল্লাহ খান, রোহিঙ্গা প্রত্যাবাসন সংগ্রাম জাতীয় কমিটির মহাসচিব এম. গফুর উদ্দিন চৌধুরী, কমার্স ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক জিয়াউর রহমান জিয়া, কে. এম. সাইফুল ইসলাম, আবু হানিফ, মহসিন বাবুল, ইয়াকুব হোসাইন ও সাংবাদিক তারেক আজিজসহ অনেকে।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত ও জাতীয় সংগীত পরিবেশনের পর সংগঠনের প্রয়াত সদস্যদের স্মরণে শোক প্রস্তাব উপস্থাপন করা হয়। এ সময় মরহুম মোহাম্মদ মুহিব্বুল্লাহ, অ্যাডভোকেট নুর আহম্মদ, মোহাম্মদ ইলিয়াস এবং চেয়ারম্যান নুরুল আবছারের আত্মার মাগফিরাত কামনা করা হয়। আলোচনায় বক্তারা বলেন, কক্সবাজার দেশের পর্যটন শিল্পের প্রধান কেন্দ্র হিসেবে আন্তর্জাতিক পর্যায়ে আরও বিকশিত হওয়ার সুযোগ রয়েছে। এজন্য আধুনিক অবকাঠামো উন্নয়ন, পরিবেশ সংরক্ষণ, পর্যটকদের নিরাপত্তা নিশ্চিতকরণ, দক্ষ মানবসম্পদ গড়ে তোলা এবং সেবার মানোন্নয়নে সমন্বিত উদ্যোগ গ্রহণ জরুরি। পাশাপাশি সরকারি-বেসরকারি অংশীদারিত্ব ও স্থানীয় জনগণের সম্পৃক্ততার ওপর গুরুত্বারোপ করা হয়।
বিকেলে অনুষ্ঠিত সাধারণ সভায় সংগঠনের কার্যক্রম প্রতিবেদন উপস্থাপনের পর নতুন কমিটির নাম ঘোষণা করা হয়। পরে জনপ্রিয় শিল্পীদের অংশগ্রহণে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে পর্যটন খাতসংশ্লিষ্ট ব্যক্তি, ব্যবসায়ী, সাংবাদিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিরা অংশ নেন।
কক্সবাজারে পর্যটন শিল্পের সম্ভাবনা ও চ্যালেঞ্জ মোকাবিলায় দ্য কক্সবাজার ক্লাব লিমিটেডের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সংসদ সদস্য লুৎফর রহমান কাজলসহ বিশিষ্ট ব্যক্তিবর্গ এতে অংশ নিয়ে পর্যটন খাতের উন্নয়নে নানা দিকনির্দেশনা প্রদান করেন।

0 Comments