প্রচলিত আমলাতান্ত্রিক দূরত্ব কমিয়ে একটি অংশগ্রহণমূলক কর্মপরিবেশ নিশ্চিত করতে কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন। বৃহস্পতিবার সচিবালয়ে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের বিভিন্ন শাখার কর্মকর্তাদের সঙ্গে আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি এই নির্দেশনা দেন।
মন্ত্রী বলেন, প্রজাতন্ত্রের কর্মচারী হিসেবে সরকারের জনকল্যাণমূলক প্রতিশ্রুতি বাস্তবায়নে সবাইকে আন্তরিকভাবে কাজ করতে হবে। তিনি স্পষ্টভাবে জানিয়ে দেন যে, সংবিধান, আইন ও বিধিবিধানের বাইরে গিয়ে কোনো কার্যক্রম পরিচালনা করা যাবে না। প্রশাসনের সর্বস্তরে দ্রুত ডিজিটালাইজেশনের প্রয়োজনীয়তার কথা উল্লেখ করে তিনি বলেন, তথ্যের স্বচ্ছতা না থাকলে অযথা সন্দেহ তৈরি হয়। তাই মন্ত্রণালয়ের সব কার্যক্রমে স্বচ্ছতা, জবাবদিহি ও প্রযুক্তিনির্ভর ব্যবস্থাপনা নিশ্চিত করতে হবে।
কর্মকর্তাদের মুক্তভাবে মতামত দেওয়ার আহ্বান জানিয়ে মন্ত্রী বলেন, সম্মিলিত দক্ষতা ও আন্তরিকতাকে সঠিকভাবে কাজে লাগাতে পারলে প্রশাসনের কার্যকারিতা বহুগুণ বৃদ্ধি পাবে। তিনি আরও বলেন, সরকার ও রাষ্ট্রকে এক করে দেখার প্রবণতা থেকে বেরিয়ে এসে জনগণের কল্যাণে একটি জবাবদিহিমূলক ও দক্ষ প্রশাসনিক সংস্কৃতি গড়ে তুলতে হবে। জনগণের ইচ্ছাই রাষ্ট্র পরিচালনার মূল শক্তি এবং জনগণের প্রত্যাশা থেকে বিচ্ছিন্ন হলে কোনো সরকারই টিকে থাকতে পারে না।
সভায় তথ্য সচিব মাহবুবা ফারজানাসহ মন্ত্রণালয়ের বিভিন্ন দপ্তর ও শাখার ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
আমলাতান্ত্রিক দূরত্ব কমিয়ে অংশগ্রহণমূলক কর্মপরিবেশ ও স্বচ্ছতা নিশ্চিত করতে কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন। তিনি জনগণের কল্যাণে প্রযুক্তিনির্ভর প্রশাসন গড়ার আহ্বান জানান।

0 Comments