রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকীতে তাঁর সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করে গভীর শ্রদ্ধা জানিয়েছেন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। শনিবার বেলা ১১টায় রাজধানীর শেরেবাংলা নগরে জিয়াউর রহমানের মাজারে তিনি এই শ্রদ্ধা নিবেদন করেন। এ সময় তাঁর সঙ্গে বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, ড. আবদুল মঈন খান, স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ এবং মহিলা ও শিশু এবং সমাজকল্যাণমন্ত্রী অধ্যাপক এ জেড এম জাহিদ হোসেন উপস্থিত ছিলেন।
পুষ্পস্তবক অর্পণের পর প্রধানমন্ত্রী ও দলের জ্যেষ্ঠ নেতারা কিছুক্ষণ নীরবতা পালন করে বিএনপির প্রতিষ্ঠাতার প্রতি শ্রদ্ধা জানান। পরে মাজার প্রাঙ্গণে জাতীয়তাবাদী ওলামা দলের উদ্যোগে আয়োজিত দোয়া মাহফিলে অংশ নেন তারেক রহমান। দিবসটি উপলক্ষে ভোরে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়সহ সারা দেশের দলীয় কার্যালয়গুলোতে জাতীয় ও দলীয় পতাকা অর্ধনমিত রাখা হয় এবং কালো পতাকা উত্তোলন করা হয়।
১৯৮১ সালের ৩০ মে চট্টগ্রাম সার্কিট হাউসে একদল সেনাসদস্যের গুলিতে নিহত হন তৎকালীন রাষ্ট্রপতি জিয়াউর রহমান। বিএনপি প্রতিবছর এই দিনটিকে শাহাদাত দিবস হিসেবে পালন করে আসছে। দিবসটি ঘিরে গত ২৫ মে থেকে ৮ দিনের কর্মসূচি পালন করছে দলটি। শ্রদ্ধা নিবেদন শেষে প্রধানমন্ত্রী তারেক রহমান রাজধানীর ১৭টি স্পটে দুস্থদের মাঝে বস্ত্র ও শুকনা খাবার বিতরণ কর্মসূচির উদ্বোধন করেন।
রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকীতে তাঁর মাজারে শ্রদ্ধা জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। দিবসটি উপলক্ষে দোয়া মাহফিল ও দুস্থদের মাঝে খাবার বিতরণসহ নানা কর্মসূচি পালন করছে বিএনপি।

0 Comments