বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র প্রতিষ্ঠাতা ও স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে কক্সবাজারে নানা কর্মসূচি পালন করা হয়েছে। শনিবার সকালে কক্সবাজার জেলা বিএনপির কার্যালয়ে দলীয় পতাকা অর্ধনমিত রাখা ও কালো পতাকা উত্তোলনের মাধ্যমে দিবসের কর্মসূচি শুরু হয়।
বেলা ১১টায় জেলা বিএনপি কার্যালয়ে আলোচনা সভা, খতমে কুরআন ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। জেলা বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের আয়োজনে অনুষ্ঠিত এই দোয়া মাহফিলে বক্তব্য রাখেন জেলা বিএনপির সভাপতি ও উখিয়া-টেকনাফ আসনের সংসদ সদস্য শাহজাহান চৌধুরী এবং সাধারণ সম্পাদক ও সংসদ সদস্য এডভোকেট শামীম আরা স্বপ্না।
বক্তব্যে শাহজাহান চৌধুরী বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদতবার্ষিকীতে আজ সারা দেশসহ পুরো মুসলিম বিশ্বের মানুষ দোয়া করছেন। তিনি আরও উল্লেখ করেন, জিয়াউর রহমানের মৃত্যুর পর তার সহধর্মিণী দেশের দায়িত্ব নেন এবং বর্তমানে তার সুযোগ্য সন্তান তারেক রহমান দেশ পরিচালনা করছেন। বাংলাদেশের জন্য শহীদ জিয়া ও তার পরিবারের বিশেষ অবদান রয়েছে।
দোয়া মাহফিলে জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি ও জেলা পরিষদ প্রশাসক এটিএম নুরুল বশর চৌধুরী, পৌর বিএনপির সভাপতি আলহাজ্ব রফিকুল হুদা চৌধুরী, জেলা বিএনপির প্রচার সম্পাদক আকতার চৌধুরী, জেলা শ্রমিক দলের সভাপতি রফিকুল ইসলাম, জেলা যুবদলের সভাপতি সৈয়দ আহমেদ উজ্জ্বল, সাধারণ সম্পাদক জিসান উদ্দিন জিসান, স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি অধ্যাপক আজিজুর রহমান, জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক এডভোকেট ইউনুস, জেলা কৃষক দলের আহবায়ক গিয়াস উদ্দিন আবছেল, সাধারণ সম্পাদক শাহীনুর রহমান, জেলা ছাত্রদলের সভাপতি ফাহিমুর রহমান ও সাধারণ সম্পাদক মো: সাঈদ আনোয়ারসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে মোনাজাত পরিচালনা করেন জেলা উলামা দলের আহবায়ক আলী আহসান চৌধুরী।
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে কক্সবাজার জেলা বিএনপির উদ্যোগে আলোচনা সভা, খতমে কুরআন ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এতে জেলা বিএনপির শীর্ষ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

0 Comments