ইরানের সঙ্গে চলমান যুদ্ধবিরতির মেয়াদ বৃদ্ধির লক্ষ্যে একটি সম্ভাব্য চুক্তির বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে বৈঠকে বসেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুক্রবার নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ স্যোশালে দেওয়া এক পোস্টে তিনি এই তথ্য নিশ্চিত করেছেন।
বিবিসির প্রতিবেদন অনুযায়ী, ট্রাম্প স্পষ্ট করেছেন যে চূড়ান্ত চুক্তির আগে ইরানকে অবশ্যই পারমাণবিক অস্ত্র বা বোমা তৈরি না করার প্রতিশ্রুতি দিতে হবে। মার্কিন প্রশাসনের দেওয়া শর্তগুলোর মধ্যে রয়েছে ইরানে থাকা সমৃদ্ধ ইউরেনিয়াম সরিয়ে নিয়ে তা ধ্বংস করার সুযোগ দেওয়া এবং হরমুজ প্রণালিকে অবাধ নৌ চলাচলের জন্য উন্মুক্ত করা। এছাড়া জলপথে পাতা সব মাইন ধ্বংস করার শর্তও জুড়ে দেওয়া হয়েছে।
ট্রাম্প জানিয়েছেন, এসব শর্ত পূরণ হলে হরমুজ প্রণালিতে যুক্তরাষ্ট্রের অবরোধ তুলে নেওয়া হবে যাতে আটকে পড়া জাহাজগুলো চলাচল শুরু করতে পারে। তবে পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত ইরানের সঙ্গে কোনো ধরনের আর্থিক লেনদেন হবে না বলে তিনি সাফ জানিয়ে দিয়েছেন।
এদিকে ট্রাম্প দাবি করেছেন যে কম গুরুত্বপূর্ণ বিষয়গুলোতে উভয় পক্ষ ইতিমধ্যে একমত হয়েছে। চূড়ান্ত সিদ্ধান্তের জন্য তিনি হোয়াইট হাউজের সিচুয়েশন রুমে বৈঠকে যাচ্ছেন। অন্যদিকে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাকায়ি জানিয়েছেন, ইরান বর্তমানে যুদ্ধ অবসানের দিকেই পূর্ণ মনোযোগ দিচ্ছে এবং এই মুহূর্তে পারমাণবিক ইস্যুতে কোনো আলোচনা হচ্ছে না।
ইরানের সঙ্গে যুদ্ধবিরতির মেয়াদ বাড়াতে হোয়াইট হাউজে চূড়ান্ত বৈঠকে বসেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। পারমাণবিক অস্ত্র বর্জন ও হরমুজ প্রণালি উন্মুক্তসহ বেশ কিছু কঠোর শর্ত দিয়েছেন তিনি।

0 Comments