স্থানীয় সরকার বিভাগের চলমান উন্নয়ন প্রকল্পগুলো দ্রুত, সাশ্রয়ী ও জনবান্ধবভাবে বাস্তবায়নের নির্দেশ দিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বৃহস্পতিবার সচিবালয়ে স্থানীয় সরকার বিভাগ ও সিটি করপোরেশন থেকে বাস্তবায়নাধীন বিভিন্ন উন্নয়ন প্রকল্পের অগ্রগতি পর্যালোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ নির্দেশনা দেন। মন্ত্রী বলেন, জনগণের কল্যাণই সরকারের উন্নয়ন কর্মকাণ্ডের মূল লক্ষ্য। তাই জনগণের অর্থের একটি টাকাও যেন অপচয় না হয়, সেদিকে সংশ্লিষ্ট সবাইকে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে। তিনি আরও উল্লেখ করেন, প্রতিটি প্রকল্প জনগণের স্বার্থে এবং তাদের অর্থেই বাস্তবায়িত হয়। তাই প্রকল্প বাস্তবায়নে স্বচ্ছতা, জবাবদিহি ও সময়ানুবর্তিতা নিশ্চিত করার পাশাপাশি ব্যয় যৌক্তিক পর্যায়ে রাখতে হবে। উন্নয়ন কার্যক্রমে কোনো ধরনের অনিয়ম বা গাফিলতি যেন মন্ত্রণালয়ের সুনাম ক্ষুণ্ন না করে, সে বিষয়ে কর্মকর্তাদের সতর্ক করে তিনি আরও দায়িত্বশীল হওয়ার আহ্বান জানান। স্থানীয় সরকার বিভাগের সচিব মো. শহীদুল হাসানের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা, বিভিন্ন সিটি করপোরেশনের প্রতিনিধি এবং উন্নয়ন প্রকল্পের পরিচালকরা উপস্থিত ছিলেন। সভায় প্রকল্পের বাস্তবায়ন অগ্রগতি ও ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর উন্নয়ন প্রকল্পগুলো দ্রুত ও সাশ্রয়ীভাবে বাস্তবায়নের নির্দেশ দিয়েছেন। তিনি জনগণের অর্থের অপচয় রোধে সংশ্লিষ্ট কর্মকর্তাদের আরও দায়িত্বশীল হওয়ার আহ্বান জানান।

0 Comments