বাংলাদেশি পাসপোর্টে আবারও যুক্ত হতে যাচ্ছে ‘ইসরাইল ব্যতীত’ (Except Israel) লেখাটি। বিগত আওয়ামী লীগ সরকারের আমলে পাসপোর্ট থেকে বাদ পড়া এই শব্দবন্ধটি পুনর্বহাল করার সিদ্ধান্ত নিয়েছে বর্তমান সরকার। স্বরাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, বাংলাদেশের দীর্ঘদিনের পররাষ্ট্রনীতি, জনমত এবং ফিলিস্তিন ইস্যুর প্রতি সংহতি রেখেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। ২০২০ সালে ই-পাসপোর্ট পরিষেবা চালু করার সময় পাসপোর্ট থেকে ‘ইসরাইল ব্যতীত’ শব্দবন্ধটি বাদ দেওয়া হয়েছিল। এর আগে বাংলাদেশের প্রচলিত পাসপোর্টে লেখা থাকত, ‘এই পাসপোর্ট বিশ্বের সব দেশের জন্য বৈধ, ইসরাইল ছাড়া’। ই-পাসপোর্ট থেকে এটি বাদ পড়ার পর থেকেই দেশের বিভিন্ন মহল থেকে লেখাটি পুনর্বহালের দাবি উঠে আসছিল। বর্তমান সরকার দায়িত্ব গ্রহণের পর পাসপোর্টের বেশ কিছু বিষয় পরিবর্তনের প্রক্রিয়া শুরু করে এবং সব ধরনের পাসপোর্টের ক্ষেত্রে এটি বাধ্যতামূলকভাবে কার্যকরের উদ্যোগ নেয়। ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদপ্তর সূত্রে জানা গেছে, নতুন নির্দেশনা অনুযায়ী ধাপে ধাপে প্রিন্ট হওয়া নতুন পাসপোর্টে এই শব্দবন্ধ যুক্ত করা হবে। তবে পুরোনো পাসপোর্টধারীদের জন্য আপাতত কোনো জটিলতা তৈরি হবে না। বিদ্যমান পাসপোর্টের মেয়াদ শেষ হওয়ার পর তা নবায়নের সময় স্বয়ংক্রিয়ভাবেই এই নতুন সংস্করণের পাসপোর্ট পাওয়া যাবে।
বাংলাদেশি পাসপোর্টে আবারও যুক্ত হচ্ছে ‘ইসরাইল ব্যতীত’ লেখাটি। দেশের দীর্ঘদিনের পররাষ্ট্রনীতি ও ফিলিস্তিনের প্রতি সংহতি জানিয়ে এই সিদ্ধান্ত নিয়েছে বর্তমান সরকার। নতুন পাসপোর্টে এটি বাধ্যতামূলক করা হচ্ছে।

0 Comments