রংপুরের পীরগাছা উপজেলার অন্নদানগর রেলস্টেশনে প্রতিদিন ভোরে এক অনন্য মানবিক দৃশ্য দেখা যায়। লাঠিতে ভর দিয়ে স্টেশনে এসে পাখিদের জন্য খাবার ছিটিয়ে দেন ৭৬ বছর বয়সী বীর মুক্তিযোদ্ধা অনন্ত কুমার বর্মণ। গত ১৬-১৭ বছর ধরে নিয়মিত পাখিদের খাওয়াচ্ছেন তিনি। স্থানীয়দের কাছে তিনি ‘দয়ালু’ এবং মুক্তিযুদ্ধে বীরত্বের কারণে ‘ফাইটার’ নামে পরিচিত।
এক সময় অঢেল সম্পদের মালিক থাকলেও বর্তমানে অনন্ত কুমার বর্মণের নিজস্ব কোনো সম্পদ নেই। নদী ভাঙন ও মানুষের বিপদে দান করতে গিয়ে শেষ করেছেন পৈতৃক সম্পত্তি। এমনকি নিজের স্ত্রীর শাড়ি-গয়না পর্যন্ত গরিবদের দান করার নজির রয়েছে তার। এ পর্যন্ত তিনি প্রায় ৮৫ জন দরিদ্র মেয়ের বিয়েতে আর্থিক ও সামাজিকভাবে সহায়তা করেছেন।
বর্তমানে তিনি মুক্তিযোদ্ধা ভাতার টাকায় জীবন অতিবাহিত করছেন। ব্যাংক ঋণের কিস্তি দেওয়ার পর ভাতার যে টাকা অবশিষ্ট থাকে, তা দিয়েই চলে তার সংসার এবং পাখিদের আপ্যায়ন। পাখিদের খাবারের জন্য স্থানীয় একটি হোটেলে প্রতি মাসে তার প্রায় দুই হাজার টাকা খরচ হয়। নিজের অভাব থাকলেও পাখিদের খাওয়াতে কখনো কার্পণ্য করেন না তিনি।
৬ নম্বর সেক্টরের এই বীর মুক্তিযোদ্ধা বর্তমানে স্ত্রীর পাওয়া ৪ শতক জমিতে সরকারিভাবে নির্মিত ‘বীর নিবাসে’ বসবাস করছেন। জীবনের শেষ সময়ে এসে কোনো আক্ষেপ নেই তার। সততা, চরিত্র ও কর্মকে জীবনের আদর্শ মনে করা এই মানুষটি কেবল মানুষের ভালোবাসা নিয়ে বিদায় নিতে চান।
সম্পদ হারিয়েছেন কিন্তু ভালোবাসা হারাননি বীর মুক্তিযোদ্ধা অনন্ত কুমার বর্মণ। ভাতার সামান্য টাকায় নিজের সংসারের পাশাপাশি দীর্ঘ ১৬ বছর ধরে রেলস্টেশনের পাখিদের খাওয়াচ্ছেন এই মানবিক মানুষটি।

0 Comments