রাজধানীর একটি বিয়ের অনুষ্ঠানে আকস্মিক উপস্থিত হয়ে চমক দেওয়ার পর এবার সেই নবদম্পতির জন্য উপহার পাঠিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রবিবার (১০ মে ২০২৬) প্রধানমন্ত্রীর পক্ষে তাঁর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন নবদম্পতির গুলশানের বাসায় এই উপহার পৌঁছে দেন। এ সময় তিনি নবদম্পতিকে প্রধানমন্ত্রীর শুভেচ্ছাবার্তাও পৌঁছে দেন।
জানা গেছে, গত শনিবার রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশনে বিএনপির দিনব্যাপী এক সভা শেষে সেখানে আয়োজিত একটি বিয়ের অনুষ্ঠানে হঠাৎ উপস্থিত হন প্রধানমন্ত্রী। তাঁর এই আকস্মিক আগমনে অনুষ্ঠানে উপস্থিত অতিথিদের মধ্যে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। প্রধানমন্ত্রী যখন অনুষ্ঠানস্থলে পৌঁছান, তখন বর তখনও এসে পৌঁছাননি। তিনি সেখানে নববধূ ও তাঁর পরিবারের সদস্যদের সঙ্গে কুশল বিনিময় করেন।
প্রধানমন্ত্রীর এই আন্তরিকতায় নবদম্পতি ও তাঁদের পরিবারের সদস্যরা মুগ্ধতা ও কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। রাষ্ট্রীয় ব্যস্ততার মাঝেও সাধারণ মানুষের সামাজিক অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর এমন অংশগ্রহণ এবং পরবর্তীতে উপহার পাঠানোর বিষয়টি সাধারণ মানুষের মধ্যে ইতিবাচক আলোচনার জন্ম দিয়েছে। নবদম্পতি প্রধানমন্ত্রীর এই উদ্যোগকে সাধারণ মানুষের সঙ্গে সম্পৃক্ত থাকার এক অনন্য দৃষ্টান্ত হিসেবে দেখছেন।
বিয়েতে আকস্মিক উপস্থিতির পর এবার নবদম্পতির জন্য উপহার পাঠালেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রবিবার গুলশানের বাসায় উপহার পৌঁছে দেন তাঁর অতিরিক্ত প্রেস সচিব। প্রধানমন্ত্রীর এই আন্তরিকতায় মুগ্ধ নবদম্পতি।

0 Comments