অবশেষে কক্সবাজারের চকরিয়া উপজেলার মানুষের দীর্ঘদিনের প্রত্যাশা পূরণ হতে যাচ্ছে। চকরিয়াকে প্রশাসনিকভাবে বিভক্ত করে ‘মাতামুহুরী’ নামে নতুন একটি উপজেলা গঠনের চূড়ান্ত অনুমোদন দিয়েছে সরকার। বৃহস্পতিবার বিকেলে বাংলাদেশ সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত প্রশাসনিক পুনর্বিন্যাস সংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটি (নিকার)-এর ১২০তম বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়।
জানা গেছে, মাতামুহুরী উপজেলা গঠন ছিল স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের একটি অন্যতম নির্বাচনী প্রতিশ্রুতি। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সময় তিনি প্রতিশ্রুতি দিয়েছিলেন যে, নির্বাচিত হলে মাতামুহুরীকে আলাদা উপজেলা করা হবে। সরকার গঠনের মাত্র দুই মাসের মাথায় এই সিদ্ধান্ত বাস্তবায়িত হওয়ায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা দেখা দিয়েছে। স্থানীয়রা এই অর্জনকে সালাহউদ্দিন আহমদের বিশেষ অবদান হিসেবে অভিহিত করছেন।
নিকার-এর এই বৈঠকে মাতামুহুরী ছাড়াও বগুড়া সিটি কর্পোরেশনসহ দেশের আরও পাঁচটি নতুন উপজেলা গঠনের সিদ্ধান্ত গৃহীত হয়েছে। ভৌগোলিক বিশালতা এবং ক্রমবর্ধমান জনসংখ্যার চাপ বিবেচনায় নিয়ে মাতামুহুরীকে পৃথক উপজেলা করার দাবিটি দীর্ঘদিনের ছিল।
সরকারের এই সিদ্ধান্তের ফলে এই অঞ্চলের সাধারণ মানুষ এখন বাড়ির কাছেই প্রয়োজনীয় প্রশাসনিক ও দাপ্তরিক সেবা পাবেন। এছাড়া অবকাঠামোগত উন্নয়ন, আইনশৃঙ্খলা পরিস্থিতির তদারকি এবং সরকারি সুযোগ-সুবিধা বণ্টন আরও সহজ ও গতিশীল হবে। নতুন উপজেলা গঠনের এই প্রক্রিয়া স্থানীয় জীবনযাত্রার মানোন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করছেন সংশ্লিষ্টরা।
চকরিয়াকে বিভক্ত করে কক্সবাজারের নতুন উপজেলা হচ্ছে মাতামুহুরী। নিকারের ১২০তম বৈঠকে এই চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়েছে। এর ফলে দীর্ঘদিনের দাবি পূরণ ও প্রশাসনিক সেবা প্রাপ্তি সহজ হবে স্থানীয়দের।

0 Comments