নেত্রকোণার কলমাকান্দায় ‘নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬’ জেলা পর্যায়ে চ্যাম্পিয়ন উপজেলার বালিকা ফুটবল দল ও রানার্স আপ বালক কাবাডি খেলোয়াড়দের সংবর্ধনা প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার বিকেলে উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে কৃতি খেলোয়াড়দের এই সংবর্ধনা দেওয়া হয়। একই অনুষ্ঠানে ২০২৫-২৬ অর্থবছরের এডিপি ফান্ড থেকে ক্রীড়া সামগ্রী এবং উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয় হতে মৎস্য চাষিদের মাঝে সরকারি প্রণোদনা বিতরণ করা হয়েছে।
উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয় সংসদের ডেপুটি স্পিকার এবং নেত্রকোনা-১ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার কায়সার কামাল। প্রধান অতিথির বক্তব্যে তিনি সমাজ থেকে মাদক নির্মূল এবং সরকারি উন্নয়ন কর্মকাণ্ডে স্বচ্ছতা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, যুবসমাজকে মাদকের হাত থেকে বাঁচাতে খেলাধুলার বিকল্প নেই। কলমাকান্দার ক্রীড়াঙ্গনকে পুনর্গঠন করতে একটি আধুনিক স্টেডিয়াম নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে বলে তিনি জানান।
খাদ্য গুদামে ধান সংগ্রহে অনিয়মের সমালোচনা করে ডেপুটি স্পিকার বলেন, প্রকৃত কৃষকদের বাদ দিয়ে কোনো সুবিধাভোগীকে ফায়দা লুটতে দেওয়া হবে না। এছাড়া হাওরের কৃত্রিম বন্যা রোধে মাছ চাষের নামে গড়ে তোলা অবৈধ স্থাপনা ও বাঁধের জমি দখলদারদের উচ্ছেদে তিনি স্থানীয় প্রশাসনকে নির্দেশ দেন।
দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করে ব্যারিস্টার কায়সার কামাল বলেন, তিনি নিজে দুর্নীতি করবেন না এবং কাউকে দুর্নীতি করার সুযোগ দেবেন না। সরকারি কর্মকর্তাদের জনগণের সেবক হিসেবে দায়িত্ব পালনের আহ্বান জানিয়ে তিনি বলেন, দায়িত্ব অবহেলা করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
কলমাকান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম মিকাইল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল হাশেম, উপজেলা মৎস্য কর্মকর্তা জাহিদূল ইসলামসহ স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ ও সরকারি কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
কলমাকান্দায় কৃতি খেলোয়াড়দের সংবর্ধনা ও ক্রীড়া সামগ্রী বিতরণ করেছেন ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল। অনুষ্ঠানে তিনি দুর্নীতি ও মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করেন।

0 Comments