মিয়ানমারের মান্দালয় অঞ্চলের বিখ্যাত মোগোক উপত্যকায় ১১ হাজার ক্যারেটের একটি বিশালাকৃতির রুবি পাওয়া গেছে। দেশটির ইতিহাসে অন্যতম বৃহত্তম এই রত্নপাথরটি প্রায় ২ কেজি ২০০ গ্রাম ওজনের। জান্তা সরকার এই রত্নটিকে ‘ব্যতিক্রমী বড় ও বিরল’ হিসেবে বর্ণনা করেছে।
রাষ্ট্রায়ত্ত সংবাদমাধ্যম গ্লোবাল নিউ লাইট অব মিয়ানমার জানিয়েছে, রত্নপাথরটির রং বেগুনি লাল এবং এতে সামান্য হলদে আভা রয়েছে। উচ্চমানের এই রত্নটি খুঁটিয়ে দেখেছেন দেশটির প্রেসিডেন্ট মিন অং হ্লাইং। বিশেষজ্ঞদের মতে, ১৯৯৬ সালে এই এলাকায় আরও বড় একটি রুবি পাওয়া গেলেও এবারের পাথরটির স্বচ্ছতা ও রঙের গভীরতা অনেক বেশি। ফলে আন্তর্জাতিক বাজারে এর আর্থিক মূল্য হবে আকাশচুম্বী।
মোগোক উপত্যকার রুবিগুলো বিশ্বজুড়ে ‘পিজিয়ন ব্লাড’ বা কবুতরের রক্তবর্ণের রুবি হিসেবে সমাদৃত। রত্নবাজারে এগুলোর চাহিদা ও দাম সবচেয়ে বেশি। ২০২১ সালের অভ্যুত্থানের পর সম্প্রতি বেসামরিক প্রেসিডেন্ট হিসেবে শপথ নেওয়া মিন অং হ্লাইংয়ের মেয়াদের শুরুতেই এমন মহামূল্যবান রত্ন উদ্ধারকে সরকারের জন্য বড় সাফল্য হিসেবে দেখা হচ্ছে।
মিয়ানমারের মোগোক উপত্যকায় পাওয়া গেছে ১১ হাজার ক্যারেটের বিশাল এক রুবি। ২ কেজি ২০০ গ্রাম ওজনের এই বিরল রত্নটি পরিদর্শন করেছেন দেশটির প্রেসিডেন্ট মিন অং হ্লাইং।

0 Comments