সিবি ডেক্স: ব্রাহ্মণবাড়িয়ায় নিখোঁজের দুই দিন পর ৬ বছর বয়সী স্কুলছাত্রী নিশাত জাহানের বস্তাবন্দি মরদেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্যকর তথ্য দিয়েছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। এ ঘটনায় গ্রেপ্তার প্রতিবেশী অটোরিকশাচালক ইসহাক মিয়া প্রাথমিক জিজ্ঞাসাবাদে হত্যার দায় স্বীকার করেছেন বলে জানিয়েছে পুলিশ।
নিহত নিশাত জাহান সদর উপজেলার তালশহর পূর্ব ইউনিয়নের মোহনপুর গ্রামের সৌদি প্রবাসী মো. আবু সাদেক মিয়ার মেয়ে। সে স্থানীয় একটি কিন্ডারগার্টেনের নার্সারি শ্রেণির শিক্ষার্থী ছিল।
পারিবারিক সূত্র জানায়, গত ১৫ এপ্রিল দুপুরে চিপস কিনতে বের হওয়ার পর থেকেই নিখোঁজ ছিল শিশুটি। পরে শুক্রবার বাড়ির পাশে বস্তাবন্দি অবস্থায় তার মরদেহ উদ্ধার করা হয়। ময়নাতদন্ত শেষে শনিবার তাকে দাফন করা হয়।
পিবিআই জানায়, প্রাথমিক তদন্তে জানা গেছে, ঘটনার দিন ইসহাক মিয়া শিশুটিকে ঘুরানোর কথা বলে নিয়ে যায়। পরে তাকে নিজের বাড়িতে নিয়ে গিয়ে এক পর্যায়ে শ্বাসরোধে হত্যা করে। হত্যার পর লাশ বস্তায় ভরে ঘরে রাখে এবং পরদিন বাড়ির পাশে ফেলে দেয় বলে স্বীকারোক্তিতে জানিয়েছে সে।
তদন্তে আরও জানা যায়, প্রথমে ইসহাক নিজেকে এলাকায় না থাকার দাবি করলেও মোবাইল ফোনের লোকেশন বিশ্লেষণে তার অবস্থান ঘটনাস্থলের আশপাশে পাওয়া যায়। এরপর তাকে জিজ্ঞাসাবাদে হত্যার বিষয়টি স্বীকার করে বলে জানায় পিবিআই।
শনিবার তাকে ঘটনাস্থলে নিয়ে গেলে স্থানীয়দের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়। পরে ক্ষুব্ধ জনতা তার বাড়িতে আগুন দেয়।
পিবিআই জানিয়েছে, ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত চলছে এবং অন্য কেউ জড়িত আছে কি না তা খতিয়ে দেখা হচ্ছে।
0 Comments