সিবি ডেক্স: বরিশালের বাবুগঞ্জ উপজেলায় অবৈধভাবে বিপুল পরিমাণ ডিজেল মজুত রাখার অভিযোগে হান্নান হাওলাদার নামে এক ব্যবসায়ীকে অর্থদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
বুধবার (১ এপ্রিল) বিকেলে উপজেলার লোহালিয়া গ্রামে অভিযান চালিয়ে তার বাড়ি থেকে ৫৮০ লিটার ডিজেল জব্দ করা হয়। অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট কামরুন্নাহার তামান্না।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, জ্বালানি তেলের কৃত্রিম সংকট সৃষ্টি ও অতিরিক্ত মুনাফা অর্জনের উদ্দেশ্যে নিজ বাড়িতে অবৈধভাবে ডিজেল মজুত করে রেখেছিলেন ওই ব্যবসায়ী। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে অভিযোগের সত্যতা পাওয়া গেলে তাৎক্ষণিক ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।
এ সময় হান্নান হাওলাদারকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয় এবং তার বাড়ি থেকে উদ্ধার হওয়া ৫৮০ লিটার ডিজেল জব্দ করা হয়। জব্দকৃত তেল সরকারি নির্ধারিত মূল্যে বিক্রি করে প্রাপ্ত অর্থ রাষ্ট্রীয় কোষাগারে জমা দেওয়া হবে বলে জানা গেছে।
নির্বাহী ম্যাজিস্ট্রেট কামরুন্নাহার তামান্না জানান, জনস্বার্থবিরোধী এমন কর্মকাণ্ডের বিরুদ্ধে প্রশাসনের নিয়মিত অভিযান অব্যাহত থাকবে এবং অবৈধ মজুতদারদের আইনের আওতায় আনা হবে।
অভিযানকালে নির্বাহী ম্যাজিস্ট্রেটের সঙ্গে বাবুগঞ্জ থানা-পুলিশের একটি দল উপস্থিত ছিলেন।
0 Comments