লোহাগাড়ায় ৫ অবৈধ ইটভাটায় অভিযান, ৩০ লাখ টাকা জরিমানা

সিবি ডেক্স: চট্টগ্রামের লোহাগাড়ায় পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র না থাকায় ৫টি অবৈধ ইটভাটায় অভিযান চালিয়ে মোট ৩০ লাখ টাকা জরিমানা করা হয়েছে।

বুধবার (১ এপ্রিল) উপজেলার চরম্বা এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। পরিবেশ অধিদপ্তর সদর দপ্তরের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. রেজওয়ান-উল-ইসলামের নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়।

পরিবেশ অধিদপ্তরের চট্টগ্রাম জেলা কার্যালয় এবং সদর দপ্তরের মনিটরিং অ্যান্ড এনফোর্সমেন্ট শাখার যৌথ উদ্যোগে অভিযানটি পরিচালিত হয়।

অভিযানে উপজেলার চরম্বা ইউনিয়নের মাইজবিলা এলাকার মেসার্স শাহ জব্বারিয়া ব্রিকস ম্যানুফ্যাকচারার, মেসার্স বিসমিল্লাহ ব্রিকস, নোয়ারবিলা এলাকার চরম্বা রহমানিয়া ব্রিকস, রাজঘাটা এলাকার মেসার্স ইসলাম ব্রিকস ম্যানুফ্যাকচারার এবং মেসার্স শাহ মজিদিয়া ব্রিকসকে পৃথকভাবে ৬ লাখ টাকা করে মোট ৩০ লাখ টাকা জরিমানা করা হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রেজওয়ান-উল-ইসলাম জানান, বায়ুদূষণ প্রতিরোধে অবৈধ ইটভাটার বিরুদ্ধে এ ধরনের অভিযান চালানো হচ্ছে। বিভিন্ন অনিয়মের অভিযোগে এসব ইটভাটায় জরিমানা করা হয়েছে এবং পরিবেশ রক্ষায় এ অভিযান অব্যাহত থাকবে।

অভিযানে পরিবেশ অধিদপ্তরের চট্টগ্রাম জেলা কার্যালয়ের উপপরিচালক মো. মোজাহিদুর রহমান, রিসার্চ অফিসার মো. আশরাফ উদ্দিন, পরিদর্শক মুহাম্মদ মঈনুদ্দিন ফয়সাল ও ডাটা এন্ট্রি অপারেটর কাজী ইফতেকার উদ্দিনসহ র‍্যাব, পুলিশ, আনসার, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যরা উপস্থিত ছিলেন।

Post a Comment

0 Comments