রাবিতে গুজবের জেরে কক্ষে তল্লাশি, তিন শিক্ষার্থীর আবাসন বাতিল

সিবি ডেক্স: রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শহীদ জিয়াউর রহমান হল সংসদের এজিএসহ তিন শিক্ষার্থীর আবাসিক সুবিধা সাময়িকভাবে বাতিল করেছে হল প্রশাসন। হলকক্ষে ‘নারী অবস্থান করছে’—এমন অভিযোগে গভীর রাতে একটি কক্ষে জোরপূর্বক তল্লাশি চালানোর ঘটনায় সত্যতা না পাওয়ায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। একই সঙ্গে হল সংসদের ভিপিকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে।

শনিবার ভোর প্রায় ৪টার দিকে হল প্রাধ্যক্ষ অধ্যাপক মাহবুবার রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়।

হল সূত্রে জানা যায়, শহীদ জিয়াউর রহমান হল সংসদের এজিএস মো. ইসরাফিল হোসাইন, সাংস্কৃতিক সম্পাদক মো. সাকিব জুবায়ের ও আবাসিক শিক্ষার্থী মো. ফোরকান হাফিজ জীমের আবাসন সুবিধা সাময়িক বাতিল করা হয়েছে। তারা শাখা ইসলামী ছাত্রশিবিরের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত।

ঘটনার বর্ণনায় জানা গেছে, শনিবার ভোরে হলের ১২১ নম্বর কক্ষে ‘নারী অবস্থান করছে’—এমন তথ্যের ভিত্তিতে এজিএস ইসরাফিলসহ কয়েকজন শিক্ষার্থী জোরপূর্বক কক্ষে প্রবেশ করে তল্লাশি চালান। তবে সেখানে কাউকে পাওয়া যায়নি।

পরে সন্ধ্যায় হল প্রাধ্যক্ষের কার্যালয়ে এ বিষয়ে সভা অনুষ্ঠিত হয়। সভায় হল সংসদের নেতাদের সঙ্গে ছাত্রদলের নেতাকর্মীদের মধ্যে বাগবিতণ্ডা হয়। সংশ্লিষ্ট কয়েকজন অনুপস্থিত থাকায় সভা স্থগিত করা হয় এবং রাত ১১টায় পুনরায় শুরু হয়।

দীর্ঘ আলোচনার পর তিন শিক্ষার্থীর আবাসিক সুবিধা সাময়িক বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়। পাশাপাশি অধিকতর তদন্তের জন্য একটি কমিটি গঠন করা হয়েছে, যা নির্ধারিত সময়ের মধ্যে প্রতিবেদন দেবে।

হল কর্তৃপক্ষ জানায়, প্রাথমিকভাবে ১২১ নম্বর কক্ষে নারী প্রবেশের অভিযোগটি অসত্য ও ভিত্তিহীন বলে প্রতীয়মান হয়েছে।

Post a Comment

0 Comments