আন্তর্জাতিক গুরুত্বপূর্ণ বাণিজ্যিক জলপথ হরমুজ প্রণালীতে বসানো মাইন অপসারণে অন্তত ৬ মাস সময় লাগতে পারে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা দফতর পেন্টাগন।
গত মঙ্গলবার (২০ এপ্রিল) মার্কিন কংগ্রেসের হাউস আর্মড সার্ভিসেস কমিটির এক বৈঠকে এ তথ্য জানানো হয়। বৈঠকে আইনপ্রণেতারা ইরানের বিরুদ্ধে চলমান যুদ্ধের ব্যয়, কৌশল ও লক্ষ্য নিয়ে বিস্তারিত জানতে চান। তবে এসব প্রশ্নের সন্তোষজনক জবাব মেলেনি বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
প্রায় ১৬৭ কিলোমিটার দীর্ঘ হরমুজ প্রণালী পারস্য উপসাগরকে ওমান উপসাগর ও আরব সাগরের সঙ্গে যুক্ত করেছে। বৈশ্বিক জ্বালানি বাণিজ্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এই জলপথ দিয়ে বিশ্বের প্রায় ২০ শতাংশ জ্বালানি পরিবহন করা হয়।
গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরাইলের সামরিক অভিযান শুরুর পর ইরান কার্যত এই প্রণালীতে চলাচল সীমিত করে দেয়। এতে আন্তর্জাতিক জ্বালানি সরবরাহে বড় ধরনের প্রভাব পড়ে এবং বিভিন্ন দেশে সংকট দেখা দেয়। ওয়াশিংটনের দাবি, ইরান প্রণালীজুড়ে সমুদ্র মাইন পেতে রেখেছে।
ইসলামাবাদে মার্কিন-ইরানি সংলাপ ব্যর্থ হওয়ার পর হরমুজ প্রণালী ও ইরানের সামরিক বন্দরগুলোতে নৌ অবরোধের ঘোষণা দেওয়া হয়। এরপর মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকোম) জানায়, প্রণালী থেকে মাইন অপসারণে কাজ শুরু হয়েছে।
মার্কিন সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, সমুদ্রের তলদেশে থাকা মাইন শনাক্ত ও অপসারণে মানবচালিত ও মানববিহীন প্রযুক্তি ব্যবহার করা হচ্ছে। বিশেষ করে আন্ডারওয়াটার ড্রোন ও রোবোটিক সিস্টেম দিয়ে প্রথমে মাইন শনাক্ত করে পরে সেগুলো নিষ্ক্রিয় বা ধ্বংস করা হচ্ছে।
0 Comments