Recents in Beach

ব্রেকিং নিউজ

শেরে বাংলার মৃত্যুবার্ষিকী আজ, শ্রদ্ধায় স্মরণে তারেক রহমান

সিবি ডেক্স: আজ সোমবার (২৭ এপ্রিল) শেরে বাংলা এ কে ফজলুল হকের ৬৪তম মৃত্যুবার্ষিকী। এ উপলক্ষ্যে দেওয়া এক বার্তায় প্রধানমন্ত্রী তারেক রহমান তাকে অবিভক্ত বাংলার রাজনৈতিক ইতিহাসের অন্যতম বিশিষ্ট নেতা হিসেবে স্মরণ করেছেন।

বার্তায় তিনি বলেন, আবুল কাশেম ফজলুল হক শুধু কৃষক সমাজের নেতা ছিলেন না, তিনি ছিলেন অখণ্ড ভারতের অবিসংবাদিত নেতা। তার সংবেদনশীলতা, মমতা ও রাজনৈতিক আপসহীনতা তাকে সর্বভারতীয় রাজনীতির উচ্চ শিখরে পৌঁছে দিয়েছিল।

ভারতীয় উপমহাদেশের রাজনীতি, কৃষি, অর্থনীতি ও কৃষকদের স্বার্থে তার অবদানের কথা স্মরণ করে প্রধানমন্ত্রী তারেক রহমান তার প্রতি গভীর শ্রদ্ধা জানান। এই অঞ্চলের রাজনৈতিক উন্নয়নে প্রয়াত নেতার অবদানের স্বীকৃতিও তুলে ধরেন তিনি।

তারেক রহমান বলেন, ১৯৪০ সালে ঐতিহাসিক লাহোর প্রস্তাব উত্থাপনের মাধ্যমে শেরে বাংলা এ কে ফজলুল হক উপমহাদেশের রাজনৈতিক ইতিহাসে এক নতুন অধ্যায়ের সূচনা করেন। এই প্রস্তাব আজও ঐতিহাসিকদের মধ্যে গুরুত্বপূর্ণ আলোচনার বিষয় এবং এটি তার দূরদর্শী নেতৃত্বের প্রতিফলন।

তিনি আরও বলেন, ফজলুল হক ছিলেন বাংলার অবহেলিত কৃষক সমাজের প্রকৃত প্রতিনিধি। অবিভক্ত বাংলার রাজনীতি যে কৃষিনির্ভর অর্থনীতির সঙ্গে গভীরভাবে যুক্ত, তা তিনি প্রথম উপলব্ধি করেন এবং কৃষকদের স্বার্থকে রাজনৈতিক কাঠামোর অন্তর্ভুক্ত করতে সক্ষম হন।

প্রধানমন্ত্রী উল্লেখ করেন, ১৯৩৭ সালে অবিভক্ত বাংলার প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করে তিনি কৃষক-শ্রমিকবান্ধব নীতি বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। পাশাপাশি শিক্ষার প্রসারে অবদান রেখে সমাজের প্রান্তিক জনগোষ্ঠীকে উন্নয়নের মূলধারায় অন্তর্ভুক্ত করার পথ সুগম করেন।

তিনি বলেন, শেরে বাংলার আদর্শ ও রাজনৈতিক দর্শন আজও প্রাসঙ্গিক।

উল্লেখ্য, ১৮৭৩ সালের ২৬ অক্টোবর ঝালকাঠি জেলার রাজাপুর উপজেলার সাতুরিয়া গ্রামের মিঞা বাড়িতে জন্মগ্রহণ করেন শেরে বাংলা এ কে ফজলুল হক। তিনি ১৯৬২ সালের ২৭ এপ্রিল ঢাকায় মৃত্যুবরণ করেন।

বর্ণাঢ্য রাজনৈতিক জীবনে তিনি অবিভক্ত বাংলার মুখ্যমন্ত্রী, পাকিস্তান কেন্দ্রীয় সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী, পূর্ব পাকিস্তানের গভর্নর, যুক্তফ্রন্ট সরকারের মুখ্যমন্ত্রী, কলকাতা সিটি কর্পোরেশনের প্রথম মুসলিম মেয়রসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন। এছাড়া ব্রিটিশবিরোধী আন্দোলন, ১৯৪০ সালের লাহোর প্রস্তাব উত্থাপন এবং ২১ দফা প্রণয়নে তার উল্লেখযোগ্য ভূমিকা ছিল।

Post a Comment

0 Comments