আগামী ৯ মে অনুষ্ঠিত হতে যাওয়া গোল্ড গালা ২০২৬-এ বিশেষ সম্মাননায় ভূষিত হতে যাচ্ছেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ভারতীয় অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া। বিনোদন জগতে বিশেষ অবদানের জন্য তাকে ‘গ্লোবাল ভ্যানগার্ড অনার’ প্রদান করা হবে। আয়োজকদের মতে, গত আড়াই দশক ধরে এশীয় ও পশ্চিমা বিনোদন জগতের মধ্যে কার্যকর সেতুবন্ধন তৈরি করেছেন তিনি।
২০০২ সালে তামিল সিনেমা দিয়ে ক্যারিয়ার শুরু করা প্রিয়াঙ্কা বলিউডে নিজের শক্ত অবস্থান তৈরির পর হলিউডেও সফল হন। ‘কোয়ান্টিকো’, ‘সিটাডেল’ এবং ‘দ্য ম্যাট্রিক্স রিসারেকশনস’-এর মতো কাজ তাকে বিশ্বজুড়ে পরিচিতি দিয়েছে। বর্তমানে তিনি নতুন সিরিজ ‘হুইটলি’র কাজ নিয়ে ব্যস্ত রয়েছেন।
অভিনয়ের বাইরেও প্রিয়াঙ্কা একজন সফল প্রযোজক, গায়িকা ও লেখক। তার প্রযোজনা প্রতিষ্ঠান পার্পল পেবেল পিকচার্স আঞ্চলিক গল্পকে বিশ্বমঞ্চে তুলে ধরছে। এছাড়া ইউনিসেফের শুভেচ্ছাদূত হিসেবে শিশু অধিকার ও নারী শিক্ষা নিয়ে কাজ করছেন এই অভিনেত্রী। এর আগে তিনি পদ্মশ্রীসহ অসংখ্য সম্মাননা অর্জন করেছেন।
বিনোদন জগতে আড়াই দশকের অনন্য অবদানের স্বীকৃতি হিসেবে গোল্ড গালা ২০২৬-এ গ্লোবাল ভ্যানগার্ড অনার পাচ্ছেন প্রিয়াঙ্কা চোপড়া। বলিউড ও হলিউডের সেতুবন্ধন হিসেবে তার এই অর্জন এক নতুন মাইলফলক।

0 Comments