পারস্য উপসাগরে নজরদারির সময় যুক্তরাষ্ট্রের একটি অত্যাধুনিক ড্রোন বিধ্বস্ত হয়েছে বলে জানিয়েছে মার্কিন নৌবাহিনী।
গত ৯ এপ্রিল হরমুজ প্রণালিতে এ ঘটনা ঘটে। বিধ্বস্ত ড্রোনটি এমকিউ-৪সি ট্রাইটন মডেলের, যা যুক্তরাষ্ট্রের অন্যতম উন্নত নজরদারি ড্রোন হিসেবে পরিচিত।
ড্রোনটি দিন-রাত ২৪ ঘণ্টা আকাশে থেকে নজরদারি চালাতে সক্ষম হওয়ায় একে ‘ডানাযুক্ত উপগ্রহ’ বলা হয়। এর মূল্য প্রায় ২৪ কোটি ডলার।
মার্কিন প্রতিরক্ষা ঠিকাদার প্রতিষ্ঠান নর্থরুপ গ্রুম্যান ড্রোনটি তৈরি করেছে। এটি ইতালির সিসিলিতে অবস্থিত সিগোনেল্লা নৌঘাঁটি থেকে পরিচালিত হচ্ছিল।
নৌবাহিনীর তথ্যমতে, নিয়মিত তিন ঘণ্টার নজরদারি শেষে ফেরার পথে ড্রোনটি হঠাৎ বিপদ সংকেত পাঠাতে শুরু করে এবং কিছুক্ষণ পরই এর সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।
প্রাথমিকভাবে জানা গেছে, ড্রোনটি প্রায় ৫০ হাজার ফুট উচ্চতায় অবস্থান করছিল। সেখান থেকে হঠাৎ নিচে নেমে যায় এবং এরপর আর কোনো খোঁজ পাওয়া যায়নি।
ড্রোনটি শত্রুপক্ষের হামলায় বিধ্বস্ত হয়েছে কি না, তা এখনো নিশ্চিত করা হয়নি।
উল্লেখ্য, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে অস্থায়ী যুদ্ধবিরতির মাত্র দুই দিন পর এ ঘটনা ঘটেছে, যা পরিস্থিতিকে আরও সংবেদনশীল করে তুলেছে।
0 Comments