ইরানে চলমান যুদ্ধের কারণে যুক্তরাষ্ট্রের শান্তি আলোচকরা ইউক্রেন ইস্যুতে পর্যাপ্ত সময় দিতে পারছেন না বলে জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।
মঙ্গলবার (১৪ এপ্রিল) জার্মানির রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম জেডডিএফকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ মন্তব্য করেন। একই সঙ্গে মার্কিন অস্ত্র সরবরাহে বিঘ্ন ঘটার বিষয়েও উদ্বেগ প্রকাশ করেন।
জেলেনস্কি জানান, ইউক্রেনে রাশিয়ার সঙ্গে যুদ্ধ অবসানে মধ্যস্থতাকারী স্টিভ উইটকফ ও জেরেড কুশনার বর্তমানে ইরান ইস্যুতে ব্যস্ত থাকায় আলোচনা কার্যত স্থবির হয়ে পড়েছে।
তিনি বলেন, “যুক্তরাষ্ট্র যদি পুতিনের ওপর চাপ সৃষ্টি না করে এবং নরম সুরে আলোচনা চালিয়ে যায়, তাহলে রাশিয়া আর কোনো ভয় পাবে না।”
মার্চের শেষ দিকে ইরান যুদ্ধ শুরুর পর থেকে ইউক্রেন সংকট সমাধানে মার্কিন নেতৃত্বাধীন আলোচনা থমকে গেছে। ফেব্রুয়ারিতে জেনেভা বৈঠকের পর আর কোনো অগ্রগতি হয়নি।
জেলেনস্কি আরও জানান, ইরান যুদ্ধ শুরুর পর থেকে ইউক্রেনে মার্কিন অস্ত্র সরবরাহও বাধাগ্রস্ত হয়েছে। বিশেষ করে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থায় সংকট তৈরি হয়েছে।
তিনি বলেন, পিএসি-৩ ইন্টারসেপ্টর ও পিএসি-২ মিসাইল সরবরাহে সমস্যা দেখা দিয়েছে, যা ইউরোপীয় দেশগুলোর অর্থায়নে পরিচালিত পিইউআরএল কর্মসূচির মাধ্যমে কেনা হয়।
নরওয়ে সফরকালে তিনি বলেন, “অস্ত্র সরবরাহ ধীরগতির হওয়ায় আমরা কঠিন পরিস্থিতির মুখোমুখি।”
পরে নরওয়ের প্রধানমন্ত্রী জোনাস গার স্টোরের সঙ্গে যৌথ সংবাদ সম্মেলনে দুই নেতা উন্নত প্রতিরক্ষা ও নিরাপত্তা সহযোগিতা জোরদারে একটি যৌথ ঘোষণা স্বাক্ষর করেন।
নরওয়ে সরকার জানিয়েছে, ভবিষ্যতে ইউক্রেনীয় ড্রোন নরওয়েতে উৎপাদনের পরিকল্পনাও রয়েছে।
0 Comments