সিবি ডেক্স: হরমুজ প্রণালি পুনরায় বন্ধ হওয়ার খবরে আন্তর্জাতিক জ্বালানি বাজারে নতুন করে অস্থিরতা দেখা দিয়েছে। কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ এই প্রণালি দিয়ে বিশ্বের বড় অংশের তেল পরিবহন হয়। ফলে এ রুটে বাধা সৃষ্টি হওয়ায় সরবরাহ নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে, যার সরাসরি প্রভাব পড়েছে তেলের দামে।
রোববার আন্তর্জাতিক বাজারে ব্রেন্ট ক্রুড তেলের দাম প্রায় ৭ শতাংশ বেড়ে ব্যারেলপ্রতি ৯৬ দশমিক ৮৫ ডলারে পৌঁছেছে। একই সময়ে যুক্তরাষ্ট্রের অপরিশোধিত তেলের দাম ৬ দশমিক ৪ শতাংশ বৃদ্ধি পেয়ে ব্যারেলপ্রতি ৮৭ দশমিক ৮৮ ডলারে দাঁড়িয়েছে।
বিশ্লেষকদের মতে, ইরানকে ঘিরে চলমান যুদ্ধ পরিস্থিতি এবং হরমুজ প্রণালি বন্ধের খবর বিশ্ববাজারে উদ্বেগ বাড়িয়েছে। এই রুটে যেকোনো ধরনের বিঘ্ন বৈশ্বিক জ্বালানি সরবরাহে বড় প্রভাব ফেলতে পারে।
এদিকে, ওমান উপসাগরে ‘তুসকা’ নামের একটি ইরানের পতাকাবাহী কার্গো জাহাজে হামলা চালিয়ে সেটি জব্দ করার ঘটনা নতুন করে উত্তেজনা বাড়িয়েছে। যুক্তরাষ্ট্র ও ইরান উভয় পক্ষই এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছে।
ইরানের আধা-সরকারি বার্তা সংস্থা তাসনিম নিউজে প্রকাশিত বিবৃতিতে বলা হয়েছে, মার্কিন বাহিনী গুলি চালিয়ে জাহাজটির নেভিগেশন ব্যবস্থা অচল করে এবং পরে সেটি জব্দ করে। ইরান এই ঘটনাকে ‘সশস্ত্র জলদস্যুতা’ হিসেবে আখ্যা দিয়ে আন্তর্জাতিক আইন লঙ্ঘনের অভিযোগ তুলেছে।
তেহরান সতর্ক করে জানিয়েছে, এ ঘটনার উপযুক্ত জবাব শিগগিরই দেওয়া হবে। এতে করে দুই দেশের মধ্যে উত্তেজনা আরও বাড়ার আশঙ্কা তৈরি হয়েছে।
0 Comments