Recents in Beach

ব্রেকিং নিউজ

উখিয়া সীমান্তে বিশেষ অভিযানে ১ লাখ ৪০ হাজার ইয়াবা উদ্ধার

উখিয়া সীমান্তে বিশেষ অভিযানে ১ লাখ ৪০ হাজার ইয়াবা উদ্ধার

কক্সবাজারের উখিয়া উপজেলার পালংখালী সীমান্তে মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে ১ লাখ ৪০ হাজার ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

গতকাল শনিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়।

বিজিবি জানায়, উখিয়া ব্যাটালিয়নের (৬৪ বিজিবি) অধীনস্থ পালংখালী বিওপি’র একটি বিশেষ টহল দল দায়িত্বপূর্ণ বাহারপাড়া গুইজা খাল এলাকায় অবস্থান নেয়। রাত পৌনে ৯টার দিকে একজন সন্দেহভাজন ব্যক্তিকে মিয়ানমার থেকে বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করতে দেখে টহলদল তাকে চ্যালেঞ্জ করে।

এ সময় বিজিবি সদস্যদের উপস্থিতি টের পেয়ে ওই ব্যক্তি তার সঙ্গে থাকা একটি বস্তা ফেলে দ্রুত মিয়ানমারের দিকে পালিয়ে যায়।

পরবর্তীতে ঘটনাস্থলে তল্লাশি চালিয়ে প্লাস্টিকের বস্তার মধ্যে পেঁচানো খাকী রঙের প্যাকেটের ভেতরে নীল রঙের বায়ুরোধী প্যাকেটে রাখা মোট ১ লাখ ৪০ হাজার ইয়াবা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক বাজার মূল্য ৪ কোটি ২০ লাখ টাকা।

এ বিষয়ে উখিয়া ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. জহিরুল ইসলাম জানান, পালিয়ে যাওয়া মাদক চোরাকারবারীকে শনাক্ত করে গ্রেফতারের লক্ষ্যে গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করা হয়েছে।

তিনি আরও জানান, সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবি সর্বদা কঠোর অবস্থানে রয়েছে এবং এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

সংক্ষেপে:
কক্সবাজারের উখিয়ার পালংখালী সীমান্তে বিজিবির বিশেষ অভিযানে ১ লাখ ৪০ হাজার ইয়াবা উদ্ধার হয়েছে, যার বাজারমূল্য প্রায় ৪ কোটি ২০ লাখ টাকা। চোরাকারবারী পালিয়ে গেলেও তাকে শনাক্তে নজরদারি জোরদার করা হয়েছে।

Post a Comment

0 Comments