সিবি ডেক্স: কক্সবাজারে পৃথক দুইটি সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত হয়েছেন। বেপরোয়া গতির মোটরসাইকেলের ধাক্কা ও অটোরিকশা চাপায় এই প্রাণহানির ঘটনা ঘটে।
বৃহস্পতিবার (২ এপ্রিল) সকাল ও দুপুরে কক্সবাজার শহরের বিজিবি ক্যাম্প এলাকা এবং টেকনাফের মেরিন ড্রাইভে এসব দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন কক্সবাজার শহরের বাইপাস সড়কের বিকাশ বিল্ডিং এলাকার মোটরসাইকেল গ্যারেজের কর্মচারী মোহাম্মদ কামরুল (১৮), মহেশখালী উপজেলার বাসিন্দা ও শহরের বিজিবি ক্যাম্প এলাকায় বসবাসকারী কামাল উদ্দিন (৩৫) এবং টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নের মারিশবুনিয়া এলাকার মৃত সিকদার আলীর ছেলে ইসহাক আহমদ (৬৫)।
কক্সবাজার সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ছমিউদ্দিন জানান, দুপুর ১টার দিকে বিজিবি ক্যাম্প এলাকায় বাস টার্মিনালমুখী একটি দ্রুতগতির মোটরসাইকেল এক পথচারীকে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেল আরোহী ছিটকে পড়েন এবং এ সময় বিপরীত দিক থেকে আসা একটি অটোরিকশা আহতদের চাপা দেয়।
পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে কক্সবাজার জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুইজনকে মৃত ঘোষণা করেন। দুর্ঘটনায় জড়িত মোটরসাইকেল ও অটোরিকশা জব্দ করা হয়েছে।
অন্যদিকে, সকাল ১১টার দিকে টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নের মারিশবুনিয়া এলাকায় মেরিন ড্রাইভে মোটরসাইকেলের ধাক্কায় ইসহাক আহমদ (৬৫) নামে এক বৃদ্ধ নিহত হন। বাহারছড়া পুলিশ তদন্তকেন্দ্রের ইনচার্জ পরিদর্শক দুর্জয় বিশ্বাস জানান, কক্সবাজারে বেড়াতে আসা দুই পর্যটক ভাড়া করা মোটরসাইকেল নিয়ে টেকনাফ যাচ্ছিলেন। পথে সড়ক পার হওয়ার সময় ওই বৃদ্ধকে ধাক্কা দিলে তিনি গুরুতর আহত হন।
পরে তাকে উদ্ধার করে কক্সবাজার জেলা সদর হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। দুর্ঘটনার পর মোটরসাইকেল আরোহীরা পালিয়ে গেলেও তাদের ব্যবহৃত গাড়িটি জব্দ করা হয়েছে।
কক্সবাজার জেলা সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) মো. শহীদুল আলম জানান, পৃথক এসব দুর্ঘটনায় আহত তিনজনকে হাসপাতালে আনা হলে তাদের আগেই মৃত্যু হয়েছিল। নিহতদের মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
0 Comments