সিবি ডেক্স: আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, জুলাই সনদ নিজেই স্বতন্ত্র, সক্রিয় ও কার্যকর এবং এটি সংসদের মাধ্যমে বাস্তবায়ন করা হবে।
শনিবার দুপুরে ঝিনাইদহের শৈলকুপা উপজেলার ধাওড়া গ্রামে খাল খনন কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, জুলাই সনদ বাস্তবায়নের সঙ্গে গণভোট বাতিল হওয়া বা না হওয়ার কোনো সম্পর্ক নেই। জুলাই সনদ কীভাবে বাস্তবায়ন হবে, সেটিও এর মধ্যেই নির্ধারিত রয়েছে এবং সংবিধান সংশোধনের মাধ্যমে তা বাস্তবায়ন করা হবে। তিনি আরও বলেন, বিএনপি মনেপ্রাণে জুলাইকে ধারণ করে।
জ্বালানি তেলের সংকট প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, তেলের মূল্যবৃদ্ধি করা হয়নি। কেউ যদি অস্থিতিশীল পরিবেশ তৈরির চেষ্টা করে, তবে বিশেষ ক্ষমতা আইনে কালোবাজারি ও মজুতদারদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ। তিনি বলেন, দেশকে বাঁচাতে খাল, নদী খনন ও দখল উচ্ছেদের বিকল্প নেই। যে যত শক্তিশালী হোক, খাল-নদী দখলমুক্ত করে খনন কার্যক্রম চালানো হবে।
তিনি আরও জানান, আগামী ১৮ থেকে ২০ এপ্রিলের মধ্যে প্রধানমন্ত্রী তারেক রহমান ঝিনাইদহের শৈলকুপায় খাল খনন কর্মসূচিতে অংশ নেবেন।
অনুষ্ঠানে জেলা প্রশাসক আব্দুল্লাহ আল মাসউদ, পুলিশ সুপার মাহফুজ আফজাল, জেলা পরিষদ প্রশাসক আব্দুল মজিদসহ জেলা ও উপজেলার বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা এবং বিএনপি নেতারা উপস্থিত ছিলেন।
0 Comments