Recents in Beach

ব্রেকিং নিউজ

স্ত্রী নির্যাতন মামলায় পুলিশ সার্জেন্টের এক বছর কারাদণ্ড

সিবি ডেক্স: স্ত্রীকে নির্যাতনের মামলায় পুলিশ সার্জেন্ট মো. নাজিম উদ্দিনকে এক বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ৫ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও এক মাসের কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে।

সোমবার (২০ এপ্রিল) দুপুরে চট্টগ্রাম নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১-এর বিচারক মোস্তাক আহমেদ এ রায় ঘোষণা করেন।

ট্রাইব্যুনালের সরকারি কৌঁসুলি (পিপি) আলমগীর মোহাম্মদ ইউনুছ জানান, যৌতুকের দাবিতে স্ত্রীকে নির্যাতনের অভিযোগ প্রমাণিত হওয়ায় আদালত এ রায় দেন। মামলায় ৯ জন সাক্ষীর সাক্ষ্যপ্রমাণের ভিত্তিতে বিচারক সিদ্ধান্ত দেন। রায়ের সময় আসামি আদালতে উপস্থিত ছিলেন এবং আপিলের শর্তে তাকে জামিন দেওয়া হয়েছে।

আদালত সূত্রে জানা যায়, ২০০৪ সালে ভুক্তভোগী নারীর সঙ্গে নাজিম উদ্দিনের বিয়ে হয়। তাদের সংসারে এক ছেলে ও এক মেয়ে রয়েছে, তবে মামলার পর তাদের মধ্যে বিচ্ছেদ ঘটে।

মামলার এজাহার অনুযায়ী, ২০২০ সালের মার্চে নিজের নামে ফ্ল্যাট কেনার জন্য নাজিম উদ্দিন স্ত্রীর কাছে ১০ লাখ টাকা যৌতুক দাবি করেন। টাকা না পেয়ে তিনি দীর্ঘদিন ধরে শারীরিক ও মানসিক নির্যাতন চালান। সর্বশেষ ২০২০ সালের ১৪ জুন টাকা না দেওয়ায় ভুক্তভোগীকে মারধর ও গলা চেপে হত্যার চেষ্টা করা হয়।

পরে ভুক্তভোগী আদালতে মামলা করলে নগরের কোতোয়ালি থানায় তা রেকর্ড করা হয়। তদন্ত শেষে অভিযোগপত্র দাখিল এবং ২০২১ সালের ২৭ সেপ্টেম্বর অভিযোগ গঠনের মাধ্যমে বিচার শুরু হয়। সাক্ষ্যগ্রহণ শেষে সোমবার রায় ঘোষণা করা হয়।

Post a Comment

0 Comments