সিবি ডেক্স: যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসির একটি হোটেলে সাংবাদিকদের সঙ্গে নৈশভোজ চলাকালে গুলির মতো শব্দ শোনার ঘটনায় চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং জরুরিভিত্তিতে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্পকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়।
শনিবার (২৫ এপ্রিল) স্থানীয় সময় সন্ধ্যায় ওয়াশিংটন হিলটন হোটেলে হোয়াইট হাউস সংবাদদাতাদের বার্ষিক নৈশভোজ অনুষ্ঠানে এ ঘটনা ঘটে। অনুষ্ঠানে প্রায় ২ হাজার ৬০০ অতিথি উপস্থিত ছিলেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, হঠাৎ বিকট শব্দ শোনার পর উপস্থিত অতিথিরা টেবিলের নিচে আশ্রয় নেন। এ সময় কেউ কেউ ‘নিচে থাকুন’ বলে সতর্ক করতে থাকেন। মুহূর্তেই অনুষ্ঠানস্থলে বিশৃঙ্খলা সৃষ্টি হয়।
ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স জানায়, শব্দ শোনার পরপরই নিরাপত্তার দায়িত্বে থাকা যুক্তরাষ্ট্রের সিক্রেট সার্ভিস সদস্যরা ঘটনাস্থলে অবস্থান নেন এবং দ্রুত প্রেসিডেন্ট ও ফার্স্ট লেডিকে নিরাপদে সরিয়ে নেন। একই সঙ্গে অতিথিদেরও নিরাপদ স্থানে নেওয়া হয়।
আল-জাজিরা ও বিবিসির খবরে বলা হয়েছে, গুলির মতো শব্দ শোনার পর ভোজকক্ষে ব্যাপক বিভ্রান্তি তৈরি হয়। নিরাপত্তা জোরদার করতে ভারী অস্ত্রে সজ্জিত সদস্যরা কক্ষ ঘিরে ফেলেন। কাউন্টার অ্যাসল্ট টিমের সদস্যদেরও মঞ্চে অবস্থান নিতে দেখা যায়।
ঘটনাস্থলের ভিডিওতে দেখা যায়, শব্দ শোনার পর ট্রাম্পসহ অনেকেই টেবিলের আড়ালে আশ্রয় নিচ্ছেন। পরে সিক্রেট সার্ভিস দ্রুত তাকে সেখান থেকে বের করে নিয়ে যায়। একই সময়ে প্রশাসনের জ্যেষ্ঠ কর্মকর্তাদেরও সরিয়ে নেওয়া হয়।
হোয়াইট হাউস সংবাদদাতা সমিতির সভাপতি ওয়েইজিয়া জিয়াং জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে এলে অনুষ্ঠানটি পুনরায় শুরু করা হবে এবং বিস্তারিত পরে জানানো হবে।
কয়েক মুহূর্তের বিশৃঙ্খলার পর পরিস্থিতি স্বাভাবিক হলে অতিথিরা আশ্রয় থেকে বের হয়ে আসেন। সাম্প্রতিক সময়ে এই অনুষ্ঠানে এ ধরনের নিরাপত্তাজনিত ঘটনা ঘটেনি বলে উল্লেখ করা হয়েছে।
সোর্স: রয়টার্স, আল-জাজিরা, বিবিসি
0 Comments