Recents in Beach

ব্রেকিং নিউজ

তনু হত্যা মামলায় ১০ বছর পর প্রথম গ্রেপ্তার, ৩ দিনের রিমান্ড

সিবি ডেক্স: কুমিল্লার আলোচিত সোহাগী জাহান তনু হত্যা মামলায় দীর্ঘ ১০ বছর পর প্রথম কোনো অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার হওয়া সাবেক সিনিয়র ওয়ারেন্ট অফিসার হাফিজুর রহমানকে তিন দিনের রিমান্ডে পাঠিয়েছেন আদালত।

বুধবার (২২ এপ্রিল) বিকেলে পিবিআইয়ের আবেদনের পর কুমিল্লার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোমিনুল হক সাত দিনের রিমান্ড আবেদন থেকে তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন। মামলার তদন্ত কর্মকর্তা তরিকুল ইসলাম জানান, হাফিজুর রহমানকে ঢাকার কেরানীগঞ্জ থেকে গ্রেপ্তার করা হয়েছে এবং জিজ্ঞাসাবাদের জন্য আদালত তিন দিনের রিমান্ড অনুমোদন দিয়েছেন। রিমান্ড শেষে তাকে কারাগারে পাঠানো হবে।

এর আগে মঙ্গলবার রাতে কেরানীগঞ্জে নিজ বাসভবন থেকে তাকে গ্রেপ্তার করা হয় এবং বুধবার বিকেলে কুমিল্লা আদালতে হাজির করা হয়।

গত ৬ এপ্রিল মামলার সপ্তম তদন্ত কর্মকর্তা তিন সন্দেহভাজন— সার্জেন্ট জাহিদ, ওয়ারেন্ট অফিসার হাফিজুর রহমান ও সৈনিক শাহিনুল আলমের ডিএনএ নমুনা ক্রস-ম্যাচ করার জন্য আদালতের অনুমতি চান। আদালত সূত্রে জানা যায়, এ পর্যন্ত মামলার ৮০টি ধার্য তারিখ পার হয়েছে এবং চারটি সংস্থার সাতজন তদন্ত কর্মকর্তা মামলাটি পরিচালনা করেছেন।

বুধবার বিকেল ৫টার দিকে তনুর বাবা-মা ও ছোট ভাই রুবেল হোসেন আদালতে উপস্থিত হন এবং তাদের জবানবন্দি গ্রহণের প্রক্রিয়া চলছে।

দীর্ঘ এক দশক পর প্রথমবারের মতো কোনো আসামি গ্রেপ্তার হওয়ায় সন্তোষ প্রকাশ করেছেন নিহতের পরিবার। তনুর মা আনোয়ারা বেগম আশা প্রকাশ করে বলেন, এত বছর পর একজন আসামি ধরা পড়ায় তিনি বিচার পাওয়ার আশা করছেন এবং মেয়ের হত্যাকারীর সর্বোচ্চ শাস্তি দাবি করেন।

তনুর বাবা ইয়ার হোসেন বলেন, দীর্ঘদিন পর আসামিকে কাঠগড়ায় দেখে তারা সন্তুষ্ট এবং এখন অন্তত দেশবাসীকে জানাতে পারছেন যে মামলার অগ্রগতি হয়েছে। তিনি আদালতের প্রতি আস্থা রাখার কথাও জানান।

উল্লেখ্য, ১৯ বছর বয়সী সোহাগী জাহান তনু কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের শিক্ষার্থী ছিলেন। তার বাবা কুমিল্লা ক্যান্টনমেন্ট বোর্ডে কর্মরত ছিলেন। ২০১৬ সালের ২০ মার্চ কুমিল্লা ক্যান্টনমেন্ট এলাকায় তার মরদেহ উদ্ধার করা হয়। নিখোঁজ হওয়ার পর এ হত্যাকাণ্ড সারাদেশে ব্যাপক আলোড়ন সৃষ্টি করে এবং বিচার দাবিতে বিভিন্ন স্থানে আন্দোলন হয়।

Post a Comment

0 Comments