স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন বলেছেন, সবার সম্মিলিত প্রচেষ্টায় দেশে হাম রোগ অনেকটাই নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে। বৃহস্পতিবার (২৩ এপ্রিল) জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের অডিটোরিয়ামে ‘জাতীয় পুষ্টি সপ্তাহ ২০২৬’-এর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, একসময় দেশে হাম পরিস্থিতি উদ্বেগজনক ছিল। তবে চিকিৎসক ও সংশ্লিষ্ট সবার প্রচেষ্টায় এখন তা অনেকটাই নিয়ন্ত্রণে এসেছে। তিনি জানান, এ বিষয়ে দেশি-বিদেশি বিশেষজ্ঞদের সঙ্গে আলোচনা হয়েছে, এমনকি একটি চীনা বিশেষজ্ঞ দলের সঙ্গেও মতবিনিময় করা হয়েছে।
নিজের অভিজ্ঞতা তুলে ধরে তিনি বলেন, অতীতে প্রায় প্রতিটি শিশুই হাম ও জলবসন্তে আক্রান্ত হতো—যা সমাজে একধরনের স্বাভাবিক ধারণা হিসেবে প্রচলিত ছিল। কিন্তু বর্তমান সময়ে চিকিৎসা ও প্রতিরোধব্যবস্থা উন্নত হওয়ায় এ অবস্থার পরিবর্তন সম্ভব হয়েছে।
শিশুর সুস্বাস্থ্যের জন্য মায়ের বুকের দুধের গুরুত্ব তুলে ধরে মন্ত্রী বলেন, এর কোনো বিকল্প নেই। তবে দুঃখজনকভাবে বর্তমানে অনেক মা বুকের দুধ খাওয়াতে অনীহা দেখাচ্ছেন, যা শিশুদের স্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ। সিজারিয়ান অপারেশনের হার বৃদ্ধির প্রসঙ্গ টেনে তিনি বলেন, এতে নবজাতকের শারীরিক গঠন দুর্বল হওয়ার ঝুঁকি তৈরি হয়।
পুষ্টিকর্মীদের উদ্দেশ্যে তিনি আহ্বান জানান, তারা যেন ঘরে ঘরে গিয়ে মায়েদের বুকের দুধ খাওয়ানোর গুরুত্ব সম্পর্কে সচেতন করেন। কর্মজীবী মায়েদের উদ্দেশে তিনি বলেন, কাজের আগে ও পরে সময় বের করে অন্তত দিনে দুইবার শিশুকে বুকের দুধ খাওয়ানো সম্ভব।
এ সময় সমাজ থেকে মাদক নির্মূলে অভিভাবকদের সচেতন হওয়ার ওপর গুরুত্বারোপ করেন স্বাস্থ্যমন্ত্রী। তিনি বলেন, সন্তানদের প্রতি নজরদারি বাড়াতে হবে, বিশেষ করে সন্ধ্যার পর তাদের বাইরে অবস্থান নিয়ে অভিভাবকদের সচেতন থাকতে হবে।
0 Comments