Recents in Beach

ব্রেকিং নিউজ

ইটভাটার ধোঁয়ায় ঘাটাইলে আড়াইশ বিঘা বোরো ধান পুড়ে নষ্ট

টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার সিঙ্গুরিয়া এলাকায় ইটভাটার আগুন ও বিষাক্ত ধোঁয়ায় প্রায় আড়াইশ বিঘা জমির পাকা বোরো ধান পুড়ে নষ্ট হয়েছে। কাটার ঠিক আগ মুহূর্তে এমন ক্ষতিতে পথে বসার শঙ্কায় পড়েছেন শতাধিক কৃষক।
বুধবার (২২ এপ্রিল) পর্যন্ত সব স্বাভাবিক থাকলেও, এক রাতের ব্যবধানে বৃহস্পতিবার সকালে ক্ষেতে গিয়ে কৃষকরা দেখেন—ধানের শিষ পুড়ে চিটা হয়ে গেছে, গাছ শুকিয়ে দাঁড়িয়ে আছে। মুহূর্তেই শেষ হয়ে গেছে পুরো মৌসুমের স্বপ্ন।
সরেজমিনে দেখা গেছে, টাঙ্গাইল-ভূঞাপুর আঞ্চলিক মহাসড়কের পাশে সিঙ্গুরিয়া এলাকায় গড়ে ওঠা অন্তত পাঁচটি ইটভাটার আগুন ও ঘন ধোঁয়ার কারণে ইরি ও বোরো ধান ঝলসে গেছে। ক্ষতিগ্রস্ত এলাকায় নেমে এসেছে হাহাকার।
ক্ষতিগ্রস্ত কৃষক লিয়াকত আলী বলেন, “এক রাতেই সব শেষ। চোখের সামনে ধান পুড়ে গেল, কিছুই করার ছিল না।”
জমির মালিক ও বর্গাচাষীরা জানান, প্রতি বিঘায় ৪০ থেকে ৫০ হাজার টাকা ব্যয়ে ডিজেলচালিত শ্যালো মেশিনে চাষাবাদ করেছেন তারা। কিন্তু ধান ঘরে তুলতে না পারায় এখন পরিবার নিয়ে চরম অনিশ্চয়তায় পড়েছেন।
বীর মুক্তিযোদ্ধা আব্দুল লতিফসহ একাধিক কৃষক বলেন, “এই ধানই ছিল সারা বছরের ভরসা। এখন না খেয়ে থাকার অবস্থা হবে।”
অভিযোগের বিষয়ে ভাটার মালিকদের বক্তব্য স্পষ্ট নয়। স্বর্ণা ব্রিকসের মালিক শহিদুল ইসলাম বলেন, বিষয়টি নিয়ে আলোচনা করে দেখা হবে।
এদিকে এখনো কোনো লিখিত অভিযোগ পাননি বলে জানিয়েছেন ঘাটাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদুল হাসান। তিনি বলেন, অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

Post a Comment

0 Comments