Recents in Beach

ব্রেকিং নিউজ

শেখ হাসিনার প্রত্যর্পণ আবেদন পর্যালোচনায় ভারত, বলছে পররাষ্ট্র মন্ত্রণালয়

সিবি ডেক্স: জুলাইয়ের গণআন্দোলনের পর ক্ষমতা হারানো সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেরত পাঠানোর বিষয়ে বাংলাদেশের পক্ষ থেকে করা আনুষ্ঠানিক আবেদনটি পর্যালোচনা করছে ভারত সরকার। শুক্রবার (১৭ এপ্রিল) এক সংবাদ ব্রিফিংয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় এ তথ্য জানায়।

মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেন, বিষয়টি বর্তমানে ভারতের প্রচলিত আইন ও বিচারিক প্রক্রিয়ার আলোকে পরীক্ষা-নিরীক্ষা করা হচ্ছে। তিনি উল্লেখ করেন, প্রত্যর্পণের অনুরোধটি তাদের অভ্যন্তরীণ আইনি প্রক্রিয়ার অংশ হিসেবে বিবেচনায় রয়েছে।

তিনি আরও জানান, এ বিষয়ে সংশ্লিষ্ট সব পক্ষের সঙ্গে গঠনমূলক আলোচনা চালিয়ে যাওয়া হচ্ছে এবং পরিস্থিতির ওপর নিবিড় নজর রাখা হচ্ছে।

ভারতীয় পক্ষ জানায়, ২০২৫ সালে প্রথমবারের মতো এ ধরনের আবেদন গ্রহণের বিষয়টি তারা স্বীকার করেছে। এরপর থেকে বিষয়টি ধাপে ধাপে দেশের আইনগত ও বিচারিক কাঠামোর মধ্যে পর্যালোচনায় রয়েছে।

উল্লেখ্য, ২০২৪ সালের আগস্টে রাজনৈতিক পটপরিবর্তনের পর শেখ হাসিনা ভারতে অবস্থান করছেন। বিষয়টি দুই দেশের সম্পর্কের ক্ষেত্রে স্পর্শকাতর হলেও ভারত স্বাভাবিক কূটনৈতিক সম্পর্ক বজায় রাখার ইঙ্গিত দিয়েছে।

রণধীর জয়সওয়াল আরও জানান, ভারতের পররাষ্ট্রমন্ত্রী নতুন সরকারের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদার করতে আগ্রহ প্রকাশ করেছেন। বিশেষ করে বাণিজ্য, জ্বালানি ও আঞ্চলিক নিরাপত্তা খাতে সহযোগিতা বাড়াতে উভয় দেশ আনুষ্ঠানিক প্ল্যাটফর্মে কাজ এগিয়ে নেওয়ার বিষয়ে সম্মত হয়েছে।

Post a Comment

0 Comments