জ্বালানি সংকটে অফিস ৯টা-৪টা, মার্কেট বন্ধ সন্ধ্যা ৬টার পর

সিবি ডেক্স: জ্বালানি সাশ্রয়ের লক্ষ্যে সরকারি-বেসরকারি অফিস ও ব্যাংকের সময়সূচিতে পরিবর্তন আনার সিদ্ধান্ত নিয়েছে সরকার। একইসঙ্গে মার্কেট ও শপিং মল বন্ধের সময়ও এগিয়ে আনা হয়েছে।

মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি এ তথ্য নিশ্চিত করে জানান, বৈশ্বিক জ্বালানিসংকটের প্রেক্ষাপটে নতুন সময়সূচি নির্ধারণ করা হয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, এখন থেকে সব সরকারি ও বেসরকারি অফিস সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত চালু থাকবে।

বৃহস্পতিবার মন্ত্রিসভার বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে উল্লেখ করে তিনি বলেন, মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতির কারণে জ্বালানি সরবরাহে অনিশ্চয়তা তৈরি হয়েছে। এই পরিস্থিতি মোকাবিলায় বিভিন্ন পদক্ষেপ নেওয়া হয়েছে, যার মধ্যে অফিস সময় এক ঘণ্টা কমিয়ে আনা অন্যতম।

এছাড়া নতুন সিদ্ধান্ত অনুযায়ী, বিকেল ৬টার পর মার্কেট ও শপিং মল খোলা রাখা যাবে না বলেও জানান তিনি।

শিক্ষা খাতের বিষয়ে শিক্ষা মন্ত্রণালয় রোববার থেকে প্রয়োজন অনুযায়ী আলাদা নির্দেশনা দেবে বলে উল্লেখ করেন মন্ত্রিপরিষদ সচিব।

সরকারি ব্যয় কমাতে আগামী তিন মাসের জন্য বেশ কিছু সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর মধ্যে রয়েছে—সরকারি কোনো নতুন যানবাহন, জলযান, আকাশযান বা কম্পিউটার সামগ্রী ক্রয় করা হবে না। অভ্যন্তরীণ প্রশিক্ষণের ৫০ শতাংশ বন্ধ রাখা হয়েছে এবং পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সরকারি অর্থায়নে সব ধরনের বৈদেশিক প্রশিক্ষণ স্থগিত করা হয়েছে।

এছাড়া সভা-সেমিনারের আপ্যায়ন ব্যয় ৫০ শতাংশ কমানো হয়েছে। জ্বালানি, বিদ্যুৎ ও গ্যাস খাতে ব্যয় ৩০ শতাংশ হ্রাসের উদ্যোগ নেওয়া হয়েছে। অপ্রয়োজনীয় ভ্রমণ কমানোর নির্দেশনা দিয়ে এ খাতে ব্যয়ও ৩০ শতাংশ কমানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বৃহস্পতিবার রাতে জাতীয় সংসদ সচিবালয়ের মন্ত্রিপরিষদ কক্ষে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে এ বৈঠক অনুষ্ঠিত হয়। রাত পৌনে ৯টা থেকে শুরু হয়ে প্রায় তিন ঘণ্টা ধরে বৈঠক চলে এবং শেষে ব্রিফিংয়ে এসব সিদ্ধান্ত জানান মন্ত্রিপরিষদ সচিব।

Post a Comment

0 Comments