সিবি ডেক্স: গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় রাস্তায় আগুন জ্বালিয়ে জনমনে আতঙ্ক সৃষ্টির মামলায় সাবেক ইউপি চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা কবির হোসেন তালুকদারকে (৬০) গ্রেফতার করেছে পুলিশ।
মঙ্গলবার দুপুরে উপজেলার ডুমরিয়া ইউনিয়নের বাঁশবাড়িয়া বাজারের চৌরঙ্গী এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। পরে বিকালে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে।
গ্রেফতার কবির হোসেন তালুকদার ডুমরিয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি। বর্তমানে তিনি কার্যক্রম নিষিদ্ধ উপজেলা আওয়ামী লীগের সদস্য হিসেবে পরিচিত।
টুঙ্গিপাড়া থানার উপ-পরিদর্শক (এসআই) মাহফুজুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, গত বছরের ১৭ নভেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মানবতাবিরোধী অপরাধে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার রায়ের পর উপজেলার শিশু পার্কসংলগ্ন সড়কে দেশীয় অস্ত্র ও লাঠিসোটা নিয়ে রাস্তায় আগুন জ্বালিয়ে জনমনে আতঙ্ক সৃষ্টি এবং স্বাভাবিক জীবনযাত্রায় বিঘ্ন ঘটানোর ঘটনা ঘটে। তদন্তে ওই ঘটনায় তার সম্পৃক্ততা পাওয়ায় তাকে গ্রেফতার করা হয়েছে।
থানা সূত্রে জানা যায়, এ ঘটনায় গত বছরের ২০ নভেম্বর সন্ত্রাসবিরোধী আইনে একটি মামলা দায়ের করা হয়। মামলাটি করেন টুঙ্গিপাড়া থানার উপ-পরিদর্শক (এসআই) মনির হোসেন। মামলায় নিষিদ্ধ সংগঠন টুঙ্গিপাড়া উপজেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক সাজেদুর রহমান সোহানকে প্রধান আসামি করা হয়। এছাড়া আওয়ামী লীগ, ছাত্রলীগ ও যুবলীগের ২১ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও ২৫ জনকে আসামি করা হয়েছে।
0 Comments