সিবি ডেক্স: ইরান যুদ্ধের প্রভাবে সৃষ্ট জ্বালানি পরিস্থিতি মোকাবিলায় শিক্ষাপ্রতিষ্ঠানগুলো নিয়ে নতুন করে ভাবছে সরকার। এ প্রেক্ষিতে সপ্তাহে তিনদিন অনলাইন ও তিনদিন অফলাইন ক্লাস চালুর একটি প্রস্তাব শিক্ষা মন্ত্রণালয়ে উত্থাপন করেছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা। তবে এ বিষয়ে এখনও চূড়ান্ত কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি।
সূত্র জানায়, এ সংক্রান্ত একটি অফিস আদেশ আগামীকাল (বুধবার) জারি হতে পারে।
মঙ্গলবার সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন বলেন, জ্বালানি সাশ্রয়ে প্রধানমন্ত্রীর বিভিন্ন নির্দেশনার আলোকে নতুন উদ্যোগ নেওয়া হচ্ছে। বিশেষ করে মেট্রোপলিটন এলাকাগুলোতে অনলাইনভিত্তিক ক্লাস চালুর বিষয়টি গুরুত্ব দেওয়া হচ্ছে।
শিক্ষা মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, রাজধানীর বিভিন্ন স্কুল ও কলেজের শিক্ষক, শিক্ষা বোর্ডের কর্মকর্তা এবং মন্ত্রণালয়ের সংশ্লিষ্টদের নিয়ে অনুষ্ঠিত এক সমন্বয় সভায় সপ্তাহে ছয় দিন ক্লাস নেওয়ার সিদ্ধান্ত হয়। এর মধ্যে তিন দিন সরাসরি (অফলাইন) এবং তিন দিন অনলাইনে ক্লাস নেওয়ার প্রস্তাব দেওয়া হয়েছে।
এছাড়া জোড়-বিজোড় তারিখ বা শিক্ষার্থীদের রোল নম্বর অনুযায়ী ক্লাস ভাগ করার প্রস্তাবও দেওয়া হয়েছে। অনলাইন ক্লাসের দিনগুলোতেও শিক্ষকদের সশরীরে শিক্ষাপ্রতিষ্ঠানে উপস্থিত থেকে পাঠদান পরিচালনা করতে হবে। পাশাপাশি বিজ্ঞানসহ ব্যবহারিক বিষয়গুলোর ক্লাস সরাসরি ল্যাবে সম্পন্ন করার নির্দেশনা দেওয়া হতে পারে।
0 Comments