চাটমোহরে অবৈধ তেল আটক, ২ হাজার ৪০০ লিটার বিক্রি খোলাবাজারে

সিবি ডেক্স: পাবনার চাটমোহর উপজেলায় অবৈধভাবে নিয়ে যাওয়ার সময় মোট ২ হাজার ৪০০ লিটার পেট্রোল, ডিজেল ও অকটেন আটক করেছেন স্থানীয়রা। পরে খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে এসব জব্দ করে।

রোববার (২৯ মার্চ) বিকেল ৫টার দিকে উপজেলার গুনাইগাছা ইউনিয়নের রামচন্দ্রপুর গ্রাম এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয় ও প্রশাসন সূত্রে জানা যায়, চাটমোহর উপজেলার নিমাইচড়া ইউনিয়নের চিনাভাতকুর বাজার এলাকার দুই অবৈধ তেল ব্যবসায়ী গাড়িযোগে বাঘাবাড়ি এলাকা থেকে তেলগুলো চাটমোহরে নিয়ে আসছিলেন।

এ সময় এলাকাবাসী ড্রামবোঝাই তেল দেখে সন্দেহ হলে তা আটক করে পুলিশে খবর দেন। পরে চাটমোহর থানার কর্মকর্তা গোলাম সরোয়ার হোসেন সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে পৌঁছে তেলগুলো জব্দ করেন।

পরবর্তীতে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মুসা নাসের চৌধুরী জব্দ করা পেট্রোল, ডিজেল ও অকটেন ন্যায্যমূল্যে খোলাবাজারে বিক্রির ব্যবস্থা করেন।

ইউএনও জানান, জ্বালানি তেল মজুত ও পাচারের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে। কোথাও অবৈধভাবে তেল মজুতের তথ্য থাকলে প্রশাসনকে জানাতে স্থানীয়দের প্রতি আহ্বান জানান তিনি।

Post a Comment

0 Comments