নালিতাবাড়ীতে অনুমোদনহীন হাসপাতালে সিজার, প্রসূতির মৃত্যুতে সিলগালা

সিবি ডেক্স: শেরপুরের নালিতাবাড়ীতে স্বাস্থ্য বিভাগের অনুমোদন ছাড়াই সিজারিয়ান অপারেশনসহ বিভিন্ন চিকিৎসাসেবা পরিচালনার অভিযোগে ‘মায়ান জেনারেল হাসপাতাল’ নামে একটি বেসরকারি হাসপাতাল সিলগালা করেছে জেলা স্বাস্থ্য বিভাগ।

রোববার (২৯ মার্চ) বিকেলে নালিতাবাড়ী পৌরশহরের উত্তর বাজার এলাকায় অবস্থিত ওই হাসপাতালটিতে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এ অভিযান পরিচালনা করা হয়।

সূত্র জানায়, নির্লব হাসান মিন্টু নামে এক ব্যক্তি ভাড়া করা ভবনে দীর্ঘদিন ধরে অনুমোদন ছাড়াই হাসপাতালটি পরিচালনা করে আসছিলেন। সেখানে সিজারিয়ান অপারেশনসহ বিভিন্ন চিকিৎসাসেবা দেওয়া হচ্ছিল।

অভিযোগের প্রেক্ষিতে স্বাস্থ্য বিভাগ অভিযান চালায়। এর আগে গত শুক্রবার বিকেলে আকলিমা বেগম (৩৬) নামে এক প্রসূতির সিজারিয়ান অপারেশন করা হলে তিনি অসুস্থ হয়ে পড়েন। পরে তাকে ময়মনসিংহের প্রান্ত ও পরে নেক্সাস হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় শনিবার সন্ধ্যায় তার মৃত্যু হয়।

নিহতের পরিবারের অভিযোগ, ভুল চিকিৎসার কারণেই আকলিমা বেগমের মৃত্যু হয়েছে।

ঘটনার পর শনিবার বিকেল থেকেই হাসপাতালটি বন্ধ রাখা হয়। রোববার অভিযানে গিয়ে সেটি সিলগালা করা হয়।

অভিযানের সময় স্বাস্থ্য বিভাগের সিভিল সার্জন ডা. মো. শাহীন, উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রেজওয়ানা আফরিন, ভারপ্রাপ্ত উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. হুমায়ন আহমেদ নূরসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Post a Comment

0 Comments