এমটিএফই প্রতারণার টাকা, বিদেশ থেকে ৪৪ কোটি ফিরিয়ে আনল সিআইডি

সিবি ডেক্স: বিদেশে পাচার হওয়া প্রায় ৩ দশমিক ৬২ মিলিয়ন মার্কিন ডলার, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৪৪ কোটি ৪৫ লাখ টাকা, দেশে ফিরিয়ে এনেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।

রোববার (২৯ মার্চ) সিআইডির বিশেষ পুলিশ সুপার জসীম উদ্দীন খান এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, বহুল আলোচিত এমটিএফই (মেটাভার্স বৈদেশিক মুদ্রা) প্রতারণার মাধ্যমে বিদেশে পাচার করা অর্থের একটি অংশ সফলভাবে দেশে ফিরিয়ে আনা হয়েছে। এ পর্যন্ত ৪৪ কোটিরও বেশি টাকা উদ্ধার করে দেশে আনা সম্ভব হয়েছে।

সিআইডি সূত্র জানায়, এই প্রতারণার মাধ্যমে বিপুল পরিমাণ অর্থ বিদেশে পাচার করা হয়েছিল। দীর্ঘদিন ধরে তদন্ত ও অনুসন্ধানের মাধ্যমে ওই অর্থ উদ্ধারে কাজ করে আসছিল অপরাধ তদন্ত বিভাগ।

তাদের ধারাবাহিক প্রচেষ্টা এবং আন্তর্জাতিক সহযোগিতার মাধ্যমে এ অর্থ দেশে ফেরত আনা সম্ভব হয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।

এছাড়া পাচার হওয়া অবশিষ্ট অর্থ উদ্ধারের কার্যক্রম এখনও চলমান রয়েছে এবং এ বিষয়ে তদন্ত অব্যাহত আছে।

Post a Comment

0 Comments