রাজশাহীর বাঘায় তেল মজুত ও অতিমূল্য, জরিমানা

রাজশাহীর বাঘায় ফিলিং স্টেশন ও জ্বালানি তেলের দোকানগুলোতে নিয়মিত মনিটরিং কার্যক্রম পরিচালনা করছে উপজেলা প্রশাসন।

বৃহস্পতিবার (১২ মার্চ) উপজেলার বিভিন্ন এলাকায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানের মাধ্যমে অনিয়মের দায়ে এক ব্যবসায়ীকে জরিমানা ও অন্যদের সতর্ক করা হয়েছে।

অভিযান চলাকালে চন্ডীপুর এলাকায় অবস্থিত ‘জমিরুল ওয়েল সেন্টার’-এর স্বত্বাধিকারীকে ২০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়। অভিযোগ রয়েছে, পর্যাপ্ত তেল মজুত থাকা সত্ত্বেও অবৈধভাবে তা আটকে রাখা এবং ভোক্তাদের চাহিদা অনুযায়ী সরবরাহ না করার দায়ে তাঁকে এই জরিমানা করা হয়।

এর আগে বুধবার (১১ মার্চ) অধিক মূল্যে পেট্রোল ও অকটেন বিক্রির অভিযোগে মণিগ্রাম বাজারের ‘মেসার্স রিয়াজ ওয়েল সেন্টার’-কে ১৫ হাজার টাকা এবং পুরাতন বাসস্ট্যান্ড এলাকার ‘মেসার্স এম এস ট্রেডার্স’-কে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। দুই দিনে তিন প্রতিষ্ঠান থেকে মোট ৪৫ হাজার টাকা অর্থদণ্ড আদায় করেছে প্রশাসন।

অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট শাম্মী আক্তার। এ সময় ফিলিং স্টেশনগুলোর লাইসেন্স, তেলের মজুত এবং সরকারি নির্দেশনা যথাযথভাবে মানা হচ্ছে কি না তা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হয়।

এদিকে উপজেলার সচেতন মহলের দাবি, মূল বাজারের পাশাপাশি বিভিন্ন ইউনিয়নের গ্রাম্য মোড় ও খুচরা তেলের দোকানগুলোতেও নিয়মিত অভিযান প্রয়োজন। ফতেপুর বাউসা গ্রামের বাসিন্দা মসিউর রহমান বলেন, “উপজেলা প্রশাসনের এই কার্যক্রম প্রশংসনীয়। তবে ছোট দোকানগুলোও প্রতি লিটারে অতিরিক্ত টাকা নিচ্ছে, তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া জরুরি।”

উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট শাম্মী আক্তার বলেন, “ভোক্তাদের স্বার্থ রক্ষা এবং জ্বালানি তেল বিক্রিতে অনিয়ম বন্ধে আমাদের এই মনিটরিং ও ভ্রাম্যমাণ আদালতের অভিযান নিয়মিতভাবে পরিচালনা করা হবে। কোনো ধরনের কৃত্রিম সংকট বা অতিরিক্ত মূল্য আদায়ের প্রমাণ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

Post a Comment

0 Comments