ঢাকা–আরিচা মহাসড়কে মোটরসাইকেল দুর্ঘটনায় দম্পতি নিহত

মানিকগঞ্জের শিবালয়ে ঢাকা–আরিচা মহাসড়কে মোটরসাইকেল দুর্ঘটনায় এক দম্পতি নিহত হয়েছেন। বৃহস্পতিবার (১২ মার্চ) বেলা পৌনে ১টার দিকে উপজেলার বরংগাইল বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন— ফরিদপুরের বোয়ালমারী উপজেলার সহস্রাইল গ্রামের বাসিন্দা পল্লী চিকিৎসক মোনায়েম খান (৪৮) ও তাঁর স্ত্রী জোসনা আক্তার (৪৫)।

হাইওয়ে পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, দুপুরে একটি দ্রুতগামী পিকআপ ভ্যান পাটুরিয়া থেকে ঢাকার দিকে যাচ্ছিল। বরংগাইল বাসস্ট্যান্ড এলাকায় পিকআপটি একটি বাসকে ওভারটেক করার সময় বিপরীত দিক থেকে আসা মোটরসাইকেলটিকে চাপা দেয়। এতে মোটরসাইকেল আরোহী মোনায়েম ও তাঁর স্ত্রী গুরুতর আহত হন।

খবর পেয়ে বরংগাইল হাইওয়ে থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তাঁদের উদ্ধার করে। হাসপাতালে নেওয়ার পথে মোনায়েম খান মারা যান এবং মানিকগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর স্ত্রী জোসনা আক্তার মৃত্যুর কোলে ঢলে পড়েন।

বরংগাইল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুন অর রশিদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, দুর্ঘটনায় স্বামী ও স্ত্রীর মৃত্যু হয়েছে। ঘাতক পিকআপ ভ্যানটি শনাক্তের চেষ্টা চলছে। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

Post a Comment

0 Comments