সৌদির তেলখনি লক্ষ্য করে ইরানের প্রথম ড্রোন হামলা ব্যর্থ

সৌদি আরবের একটি তেলের খনি লক্ষ্য করে প্রথমবারের মতো ড্রোন হামলা চালিয়েছে ইরান। তবে সৌদি প্রতিরক্ষা বাহিনীর আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা লক্ষ্যবস্তুতে আঘাত হানার আগেই সেসব ড্রোন ধ্বংস করে দিয়েছে। এএফপির এক প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।

একইসঙ্গে সৌদিতে অবস্থিত যুক্তরাষ্ট্রের বিমানঘাঁটি প্রিন্স সুলতান এয়ারবেস লক্ষ্য করে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রও ছুড়েছে ইরান। সৌদি আরবের এয়ার ডিফেন্স সিস্টেমের মাধ্যমে সেটিও ধ্বংস করা হয়েছে।

শুক্রবার (৬ মার্চ) রাতে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় সৌদি আরবের প্রতিরক্ষা মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে। বার্তায় বলা হয়, শায়েবাহ তেলখনি লক্ষ্য করে হামলার চেষ্টা করা হয়েছিল, তবে সেটি প্রতিহত করা হয়েছে। এতে ৬টি ড্রোন ধ্বংস করা হয়েছে। পাশাপাশি প্রিন্স সুলতান বিমানঘাঁটি লক্ষ্য করে ছোড়া একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রও আকাশেই ধ্বংস করা হয়েছে।

এর আগে গত ৬ ফেব্রুয়ারি থেকে ২৭ ফেব্রুয়ারি পর্যন্ত ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে তেহরান ও ওয়াশিংটনের মধ্যে সংলাপ চলে। তবে ২৭ ফেব্রুয়ারি কোনো ধরনের সমঝোতা ছাড়াই সেই আলোচনা শেষ হয়।

এরপর ২৮ ফেব্রুয়ারি ইরানে ‘অপারেশন এপিক ফিউরি’ নামে সামরিক অভিযান শুরু করে যুক্তরাষ্ট্রের বাহিনী। একই সময়ে ইসরায়েলও ‘অপারেশন রোয়ারিং লায়ন’ নামে পৃথক সামরিক অভিযান শুরু করে।

এর পাল্টা প্রতিক্রিয়া হিসেবে ইসরায়েল এবং মধ্যপ্রাচ্যে অবস্থিত যুক্তরাষ্ট্রের বিভিন্ন সামরিক ঘাঁটি লক্ষ্য করে দফায় দফায় ড্রোন ও ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করছে ইরান।

Post a Comment

0 Comments