কক্সবাজার সদর হাসপাতালে লিফটের নিচে মিলল নিখোঁজ কোহিনূর আক্তারের মরদেহ

সিবি ডেক্স: কক্সবাজার সদর হাসপাতালে শিশু সন্তানের চিকিৎসা করাতে এসে নিখোঁজ হওয়া এক নারীর মরদেহ একই হাসপাতালের লিফটের নিচের গর্ত থেকে উদ্ধার করা হয়েছে। শনিবার (৭ মার্চ) দুপুর সাড়ে ১২টার দিকে দুর্গন্ধের উৎস অনুসন্ধান করতে গিয়ে হাসপাতালের সর্বসাধারণের ব্যবহৃত লিফটের নিচে ওই মরদেহের সন্ধান পাওয়া যায়।

নিহত নারীর নাম কোহিনূর আক্তার। তিনি উখিয়া উপজেলার রাজাপালং ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের দক্ষিণ ডেইলপাড়া এলাকার কাতার প্রবাসী নুরুল ইসলামের স্ত্রী।

কক্সবাজার সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক মং টিং নিও জানান, হাসপাতালের সাধারণ লিফটের নিচ থেকে গন্ধ বের হওয়ায় এর উৎস অনুসন্ধান করা হয়। পরে লিফটের নিচের গর্তে মরদেহটির সন্ধান পাওয়া যায়। মরদেহের বিষয়টি নিশ্চিত হওয়ার পর স্বজনদের খবর দেওয়া হয় এবং তাদের উপস্থিতিতে পুলিশ ও হাসপাতাল কর্তৃপক্ষ উদ্ধার কার্যক্রম শুরু করে। তবে কীভাবে ওই নারী সেখানে পৌঁছেছেন, সে বিষয়ে এখনো কোনো সূত্র পাওয়া যায়নি এবং বিষয়টি তদন্ত করা হচ্ছে।

এ বিষয়ে কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ছমিউদ্দীন জানান, গত ৩ মার্চ কোহিনূর আক্তার তার পাঁচ বছর বয়সী বড় মেয়ে মরিয়ম আক্তার অসুস্থ হওয়ায় তাকে কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করান। শিশুটিকে হাসপাতালের পঞ্চম তলার শিশু ওয়ার্ডের ২ নম্বর ইউনিটে চিকিৎসা দেওয়া হচ্ছিল এবং ওই সময় মা ও মেয়ে উভয়েই হাসপাতালে অবস্থান করছিলেন।

পরদিন ৪ মার্চ দুপুর আনুমানিক সাড়ে ১২টার দিকে কোহিনূর আক্তার ওষুধ আনার কথা বলে হাসপাতালের পঞ্চম তলা থেকে নিচে নামেন। এরপর থেকে তিনি নিখোঁজ ছিলেন।

নিখোঁজ হওয়ার পর তার শ্বশুর আলী আকবর থানায় একটি নিখোঁজ ডায়রি করেন। পুলিশ বিভিন্ন স্থানে তাকে খোঁজার চেষ্টা চালিয়ে যাচ্ছিল। এর মধ্যেই শনিবার দুপুরে হাসপাতাল কর্তৃপক্ষ লিফটের নিচে একটি মরদেহ পাওয়ার খবর দিলে পুলিশ ঘটনাস্থলে যায়। কীভাবে তিনি লিফটের নিচের গর্তে পড়েছেন, সে বিষয়ে এখনো কোনো স্পষ্ট তথ্য পাওয়া যায়নি। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।

Post a Comment

0 Comments