চতুর্থ শ্রেণি থেকে শারীরিক-মানসিক শিক্ষা বাধ্যতামূলক করার পরিকল্পনা

সিবি ডেক্স: দেশের শিক্ষাব্যবস্থাকে আরও শক্তিশালী করার কথা জানিয়েছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেছেন, চতুর্থ শ্রেণি থেকে শারীরিক, মানসিক ও শিল্পকলা শিক্ষা বাধ্যতামূলক করার পরিকল্পনা করা হচ্ছে।

মঙ্গলবার (৩ মার্চ) দুপুরে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের (এনসিটিবি) কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ কথা বলেন। এনসিটিবি কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী জানান, প্রধানমন্ত্রী শিক্ষাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছেন এবং সেই লক্ষ্যে শিক্ষাব্যবস্থায় প্রয়োজনীয় সংস্কার আনা হবে।

পাঠ্যপুস্তক যুগোপযোগী করার ওপর গুরুত্বারোপ করে তিনি বলেন, পাঠ্যপুস্তক পরিমার্জন করতে হবে। কোমলমতি শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক স্বাস্থ্যের ওপর অধিক জোর দিয়ে তিনি জানান, শারীরিক, মানসিক স্বাস্থ্য ও শিল্পকলা শিক্ষা সবার জন্য বাধ্যতামূলক করা হবে এবং এ বিষয়ে মূল্যায়ন পরীক্ষাও নেওয়া হবে।

তিনি আরও বলেন, উচ্চমানের বিশেষজ্ঞদের মাধ্যমে কারিকুলাম প্রণয়ন ও পাঠ্যপুস্তক পরিমার্জন করা হবে এবং এ ক্ষেত্রে কোনো দল-মত বিবেচনা করা হবে না। এনসিটিবির চেয়ারম্যান (অতিরিক্ত দায়িত্ব) মো. মাহবুবুল হক পাটোয়ারীর সভাপতিত্বে অনুষ্ঠানে মন্ত্রীর একান্ত সচিব প্রফেসর ড. খান মইনুদ্দিন আল মাহমুদ সোহেলসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Post a Comment

0 Comments