মেট্রোরেলসহ সব রেলে প্রতিবন্ধী-শিক্ষার্থী-প্রবীণদের ২৫% ভাড়া ছাড়

সিবি ডেক্স: মেট্রোরেলসহ দেশের সব ধরনের রেলসেবায় প্রতিবন্ধী ব্যক্তি, শিক্ষার্থী এবং ৬৫ বছরের বেশি বয়সী নাগরিকদের জন্য ২৫ শতাংশ ভাড়া ছাড় দেওয়ার ঘোষণা দিয়েছে সরকার। মঙ্গলবার (৩ মার্চ) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে সড়ক পরিবহন ও সেতু, রেলপথ এবং নৌপরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম এ তথ্য জানান।

মন্ত্রী বলেন, অনলাইনে টিকিট কাটার ক্ষেত্রে বিশেষ অপশন রাখা হবে। ৬৫ বছরের বেশি বয়সীরা জাতীয় পরিচয়পত্র দেখিয়ে ছাড় পাবেন। ভ্রমণের সময় শিক্ষার্থী ও প্রতিবন্ধীদেরও সংশ্লিষ্ট পরিচয়পত্র প্রদর্শন করতে হবে। প্রতিবন্ধীদের ক্ষেত্রে সমাজসেবা মন্ত্রণালয় প্রদত্ত কার্ড কার্যকর হবে। তবে এ সুবিধা কার্যকর হতে কিছুটা সময় লাগবে বলে তিনি উল্লেখ করেন।

রেলের উন্নয়ন প্রসঙ্গে মন্ত্রী জানান, চলমান প্রকল্প দ্রুত বাস্তবায়নের পাশাপাশি নতুন প্রকল্প নেওয়া হচ্ছে। ঈদুল ফিতর উপলক্ষে ৮৫-৮৬টি লোকোমোটিভ ব্যবহারের চেষ্টা চলছে, যাতে শিডিউল বিপর্যয় না ঘটে। অতিরিক্ত ভাড়া আদায় বন্ধে প্রশাসন নজরদারি করছে বলেও জানান তিনি।

Post a Comment

0 Comments