‘ট্রু প্রমিজ ৪’ অভিযানে ৬৫০ মার্কিন হতাহতের দাবি আইআরজিসির

সিবি ডেক্স: ইরানের প্রতিশোধমূলক ‘ট্রু প্রমিজ ৪’ অভিযানের প্রথম দুই দিনে ৬৫০ জনেরও বেশি মার্কিন সামরিক কর্মকর্তা ও সদস্য নিহত বা আহত হয়েছেন বলে দাবি করেছে ইসলামিক বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি)। মধ্যপ্রাচ্যজুড়ে অবস্থিত মার্কিন ঘাঁটি ও যুদ্ধজাহাজ লক্ষ্য করে চালানো হামলায় এসব হতাহতের ঘটনা ঘটেছে বলে জানিয়েছে বাহিনীটি।

আইআরজিসির মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল আলী মোহাম্মদ নায়েইনি বলেন, বাহরাইনে অবস্থিত মার্কিন নৌবাহিনীর পঞ্চম নৌবহরের সদরদপ্তর এবং যুদ্ধজাহাজে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালানো হয়েছে। এক হামলায় ১৬০ মার্কিন সদস্য হতাহত হয়েছেন বলেও তিনি দাবি করেন। এছাড়া মার্কিন নৌবাহিনীর এমএসটি কমব্যাট সাপোর্ট জাহাজ ক্ষতিগ্রস্ত হয়েছে বলে উল্লেখ করেন তিনি।

নায়েইনি আরও বলেন, দক্ষিণ-পূর্ব ইরানের চাবাহার উপকূল থেকে প্রায় ২৫০ থেকে ৩০০ কিলোমিটার দূরে অবস্থানরত মার্কিন বিমানবাহী রণতরী ‘ইউএসএস আব্রাহাম লিঙ্কন’ লক্ষ্য করে চারটি ক্রুজ ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়। হামলার পর রণতরীটি ভারত মহাসাগরের দক্ষিণ-পূর্ব দিকে সরে গেছে বলে দাবি করেন তিনি। ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের চলমান আগ্রাসনের জবাব হিসেবেই এই অভিযান পরিচালিত হচ্ছে বলে জানান আইআরজিসির এই মুখপাত্র।

Post a Comment

0 Comments